বিচারে গুরুত্বপূর্ণ দলিল জাতিসংঘ মানবাধিকার সংস্থার রিপোর্ট
মাথায় বুকে গুলি চালানো হয়
নিরাপত্তা বাহিনীর গুলিতে হত্যা ১৪শ, আহত ১১ হাজার ৭শ, নিহতদের ১২-১৩ শতাংশ শিশু * আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনী ছাড়াও আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর মাধ্যমে ব্যাপক ও সমন্বিত বল প্রয়োগ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হয় বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ হত্যাকাণ্ড। নির্বিচারে গুলি চালিয়ে ১১৮ শিশুসহ হত্যা করা হয়, ১ হাজার ৪০০ নিরস্ত্র মানুষ। খুনের শিকার সাধারণ শিক্ষার্থী, নিরস্ত্র বিক্ষোভকীরা, নারী ও শিশু। আহত হয়েছেন ১১ হাজার ৭০০। হত্যাকাণ্ডে ব্যবহৃত ৬৬ শতাংশ মিলিটারি রাইফেলের গুলি এবং ১২ শতাংশ শটগানের গুলি। ক্ষমতা টিকিয়ে রাখতে এই নৃশংস পথ বেছে নেয় হাসিনা। এটা ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার, গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ। আন্দোলনকারীরা প্রাথমিক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা যৌন হয়রানিরও শিকার হন। জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে এসব তথ্য তুলে ধরা হয়। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি সংস্থাটির জেনেভা কার্যালয় থেকে রিপোর্ট প্রকাশ করা হয়। শেখ হাসিনার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে গুরুত্বপূর্ণ দলিল হিসাবে সাব্যস্ত হয় এই রিপোর্ট।
রিপোর্টে উল্লেখ করা হয়, মানবাধিকার কমিশন বিশ্বাসযোগ্যভাবে মনে করছে-সামরিক, আধাসামরিক এবং গোয়েন্দা কর্মকর্তাদের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যাকাণ্ডে অংশ নেন। আন্দোলনে অংশ নেওয়া হতাহতদের হাসপাতালে চিকিৎসায়ও বাধা দিয়েছেন তারা। চিকিৎসা না দিতে চিকিৎসকদেরও ভয় দেখিয়েছেন। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের এসব কাজ রাজনৈতিক নেতৃত্বের পূর্ণ স্বজ্ঞানে, সমন্বয় এবং নির্দেশনায় হয়েছে। শেখ হাসিনার পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নিরাপত্তা ও গোয়েন্দা শাখার নেতৃত্ব ও সমন্বয়ে এ ঘটনা ঘটেছে। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্য অনুসারে দেখা যায়, প্রধানমন্ত্রী কর্মকর্তাদের অতিরিক্ত শক্তি প্রয়োগের নির্দেশ দিতেন। নিয়মিত নজরদারি করতেন এবং রিপোর্ট পেতেন।
পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, ডিজিএফআই এবং গোয়েন্দা শাখার দ্বারা পরিচালিত অপারেশনের জন্য সরাসরি আদেশ জারি করা হয়। এসব বাহিনী প্রতিবাদকারী ও সাধারণ নাগরিকদের বিচারবহির্ভূতভাবে হত্যা, নির্বিচারে গুলি, আটকের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িয়ে পড়ে।
সরকারি ও বেসরকারি সূত্রের তথ্য বিশ্লেষণ করে ওএইচসিএইচআর মনে করছে, আন্দোলন চলাকালে ১ হাজার ৪০০ মানুষ নিহত হতে পারে। যাদের বেশির ভাগই বাংলাদেশের নিরাপত্তা বাহিনী দ্বারা ব্যবহৃত প্রাণঘাতী অস্ত্র, সামরিক রাইফেল এবং শটগানের গুলিতে নিহত হন। এছাড়া হাজার হাজার আন্দোলনকারী জীবন বদলে দেওয়ার মতো গুরুতর আঘাতের শিকার হন। ওএইচসিএইচআর-এর কাছে পুলিশ ও র্যাব তথ্য দিয়েছে, তারা ১১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে। নিহতদের প্রায় ১২-১৩ শতাংশ শিশু। পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীও শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। শিশু হত্যা, উদ্দেশ্যমূলকভাবে পঙ্গু করা, নির্বিচারে গ্রেফতার এবং অমানবিক নির্যাতন চরম অপরাধ উল্লেখ করে মানবাধিকার কমিশন। যৌক্তিক কারণে সংস্থাটি মনে করে, বিক্ষোভ এবং ভিন্নমত দমনের কৌশল হিসাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। এসব মানবাধিকার লঙ্ঘনের গুরুতর ঘটনা আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকেও উদ্বেগজনক। কোন মাত্রার মানবতাবিরোধী অপরাধ হয়েছে, তা মূল্যায়নে দেশীয় আইনে অতিরিক্ত ফৌজদারি তদন্তের প্রয়োজন রয়েছে বলে রিপোর্টে বলা হয়।
এতে বলা হয়, সরকারি চাকরিতে কোটা পুনর্বহালকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র আন্দোলন অল্প সময়েই পরিণত হয় গণ-অভ্যুত্থানে। ক্রমবর্ধমান জন-অসন্তোষ দমনে তৎকালীন শেখ হাসিনা সরকার নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সমন্বয়ে ব্যাপক শক্তি প্রয়োগের পথ বেছে নেয়। শান্তিপূর্ণ বিক্ষোভে সশস্ত্র হামলা, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, নির্বিচার গ্রেফতার, নির্যাতন, হাসপাতালে আহতদের হয়রানি, তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ এবং ভিন্নমত দমনের মতো ধারাবাহিক কর্মকাণ্ডের মাধ্যমে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উঠে আসে রিপোর্টে। ওএইচসিএইচআর-এর মূল্যায়নে এসব পদক্ষেপ ছিল রাজনৈতিক নেতৃত্বের জ্ঞান, সমন্বয় ও নির্দেশনার ভিত্তিতে পরিচালিত একটি সংঘবদ্ধ দমন অভিযান। এতে আরও বলা হয়, আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর মাধ্যমে ব্যাপক এবং সমন্বিতভাবে বল প্রয়োগের অভিযোগের বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে। সংস্থাটির মূল্যায়ন অনুযায়ী, এসব পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। কিছু ক্ষেত্রে মানবতাবিরোধী অপরাধের উপাদান রয়েছে।
রিপোর্টে বলা হয়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কেবল টিয়ার গ্যাসের শেল বা রাবার বুলেট নয়, সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে। সাক্ষ্যপ্রমাণ বলছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনেক ক্ষেত্রে মাথা ও বুক লক্ষ্য করে গুলি চালিয়েছে। এতে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার প্রমাণ মিলেছে। এর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
আন্দোলন চলাকালে নির্বিচারে গ্রেফতার, নির্যাতন, জোরপূর্বক গুমের অভিযোগ, হাসপাতালে আহতদের চিকিৎসা নিতে বাধা, অ্যাম্বুলেন্স চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং চিকিৎসকদের ওপর চাপ প্রয়োগ করা হয়। আহতরা হাসপাতালে গিয়েও হামলার শিকার হন। এ সময় পুলিশ অনেক ক্ষেত্রে আক্রান্তদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। একই সময়ে ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থা বন্ধ করে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করা হয়।
ওএইচসিএইচআর-এর দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।
তদন্ত পরিচালনার জন্য সংস্থাটি ২৩০টির বেশি সাক্ষাৎকার, ৯৫৯টি লিখিত উপস্থাপন, হাজার হাজার ভিডিও ও আলোকচিত্র, ১৫৩টি চিকিৎসা নথি এবং বিভিন্ন ফরেনসিক বিশ্লেষণ পর্যালোচনা করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, চিকিৎসক এবং ভুক্তভোগীদের সঙ্গেও কথা বলে ওএইচসিএইচআর।
উপসংহারে ওএইচসিএইচআর বলেছে, অভিযোগগুলোর স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করা, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার গ্রহণ করা জরুরি।
