Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে মোতায়েন থাকবে ৩৫ হাজার বিজিবি সদস্য

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নির্বাচনে মোতায়েন থাকবে ৩৫ হাজার বিজিবি সদস্য

বিজিবি দিবসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে যাতে কোনো আগ্নেয়াস্ত্র দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে নজরদারি আরও জোরদারের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্ত দিয়ে ‘দুই-চারটা’ অস্ত্র ঢোকার বিষয়টি স্বীকার করলেও তিনি বলেছেন, এসব অস্ত্র নিয়মিতই জব্দ করা হচ্ছে। ‘বিজিবি দিবস-২০২৫’ উপলক্ষ্যে সোমবার ঢাকার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচনে বিজিবির ৩৫ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই-চারটা অস্ত্র যে ঢুকছে না, তা না। ঢুকছে, তবে সেগুলো ধরা হচ্ছে। প্রতিদিনই ধরছে। একদিনে পাঁচটা বিদেশি পিস্তলও ধরা পড়েছে। কোথাও কোনো ছাড় দেওয়া হচ্ছে না। নির্বাচন নিয়ে শঙ্কা আছে কি না-এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচনে এখন কোনো শঙ্কা নেই। ফ্যাসিস্ট শক্তি সব সময়ই বাধা দেওয়ার চেষ্টা করবে। তবে সবার সহযোগিতা থাকলে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। এমন নির্বাচনই এই সরকারের লক্ষ্য। আর সেটিই বাস্তবায়ন করা হবে।

নির্বাচন ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতির কথা জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনে বিজিবির ৩৫ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। বাহিনীটি ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ভারতে পালিয়েছে এবং তাকে সহায়তার অভিযোগে সেখানে দুজন গ্রেফতার হয়েছে-ঢাকা মেট্রোপলিটন পুলিশের এমন তথ্য মেঘালয় পুলিশের অস্বীকার প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে ডিবি রাতে একটি স্টেটমেন্ট দিয়েছে। সেটি পড়লে বিস্তারিত জানা যাবে।

কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মূল অভিযুক্ত পলাতক থাকলেও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

এর আগে সকাল ১০টায় পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ শাকিল আহমেদ হলে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনকে উৎসবমুখর করতে বিজিবিকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, এই নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ, ফেয়ার ও উৎসবমুখর হয়, সেজন্য যেসব প্রস্তুতি দরকার, সেগুলো নিতে হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার বড় দায়িত্ব আপনাদের। বিজিবিকে ‘ত্রিমাত্রিক’ বাহিনী উল্লেখ করে তিনি বলেন, সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা ও জনকল্যাণমূলক কাজে বিজিবির ভূমিকা অনন্য। তিনি সতর্ক করে বলেন, সীমান্ত দিয়ে কোনো মাদক ঢুকতে দেওয়া যাবে না। অবৈধ পথে কোনো পণ্য পাচারও সহ্য করা হবে না। চোরাকারবারি ও মাদক পাচারকারীদের সহায়তায় জড়িত বিজিবি সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তসংক্রান্ত ইস্যুতে কৌশলী ভূমিকা রাখার পাশাপাশি বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী যাতে সীমান্ত পেরিয়ে পালাতে না পারে, সে বিষয়ে কঠোর সতর্ক থাকার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী গত এক বছরে বাহিনীর অর্জন ও সক্ষমতা বৃদ্ধির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বিজিবি আগের যে কোনো সময়ের তুলনায় এখন বেশি সুসংগঠিত। নির্বাচনি দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালনের অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিজিবি সদস্যদের হাতে বিভিন্ন পদক তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ বছর ৭২ জন বিজিবি সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক দেওয়া হয়। এর মধ্যে ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস) এবং ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা (পিবিজিএমএস) পদকে ভূষিত করা হয়।

এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা ও উপহারসামগ্রী প্রদান করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং বিজিবি মহাপরিচালক উপস্থিত ছিলেন।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি সদর দপ্তরের অভয়ারণ্যে বৃক্ষরোপণ করেন এবং সীমান্ত কুঞ্জে ভিভিআইপি রেজিস্টারে স্বাক্ষর করেন। বেলা ১টায় বীর-উত্তম খন্দকার ফজলুর রহমান মাল্টিপারপাস শেডে বিজিবি দিবস উপলক্ষ্যে আয়োজিত কেন্দ্রীয় প্রীতিভোজে অংশগ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রীতিভোজে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, বিশেষ সহকারী, তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক বিবৃতিতে জানান, বিজিবি দিবস উপলক্ষ্যে সোমবার সকাল ৬টা ৩২ মিনিটে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবি সদর দপ্তরের মহাপরিচালকের সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন এবং সকাল ৬টা ৫০ মিনিটে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিলখানায় ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষ্যে বাদ ফজর পিলখানাসহ সারা দেশে বিজিবির সব মসজিদে বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিট পর্যায়ে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা উত্তোলন ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি শাহাদতবরণ করার কারণে সরকার ২০ ডিসেম্বর শোক দিবস ঘোষণা করায় ওইদিন বিজিবি দিবসের সব আনুষ্ঠানিকতা স্থগিত করা হয় এবং ২৯ ডিসেম্বর বিজিবি দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম