পরকীয়া ও চোর সন্দেহ
কেরানীগঞ্জে পুড়িয়ে চট্টগ্রামে পিটিয়ে হত্যা
চট্টগ্রাম ব্যুরো ও কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে মো. শুক্কুর (৫০) নামের এক অটোরিকশাচালককে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সাদ্দাম হোসেন নামের এক প্রতিবেশীকে এ হত্যায় সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় শুক্কুরের ছেলে বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাদ্দামসহ কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। ঘটনার পর থেকে সাদ্দাম পলাতক।
চট্টগ্রামে চোর সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর পতেঙ্গা মডেল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পতেঙ্গার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোবারক ওই এলাকার আবদুল মাবুদের ছেলে। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্কুর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. শাহীন মিয়া জানান, ‘প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে সাদ্দামের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’ পুলিশ জানায়, বুধবার ভোরে শুভাঢ্যা পূর্বপাড়ার হরিপদ দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধ শুক্কুরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সূত্রমতে, পাশাপাশি ভাড়া বাসায় থাকতেন শুক্কুর ও সাদ্দাম। শুক্কুর একাই বাসায় থাকতেন। তার বাসার পাশেই ছিল রিকশার গ্যারেজ। অন্যদিকে সাদ্দাম স্ত্রী আহলাদী বেগমকে নিয়ে বসবাস করতেন। আহলাদীর সঙ্গে শুক্কুরের সুসম্পর্ক রয়েছে, এমন সন্দেহে সাদ্দাম ক্ষুব্ধ ছিল। অগ্নিদগ্ধ হওয়ার পর ধারণ করা এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে শুক্কুরকে বলতে শোনা যায়-রাতে গ্যারেজে গাড়ি রেখে বাসায় এসে ঘুমিয়ে পড়েন তিনি। হালকা শীত থাকায় গায়ে কাঁথা মুড়িয়ে শুয়েছিলেন। ভোরের দিকে হঠাৎ তার সারা শরীরে আগুন জ্বলতে দেখেন।
আহলাদীর দাবি, পরকীয়া সন্দেহে স্বামী প্রায়ই তাকে মারধর করত। বুধবার রাতে সাদ্দাম তাকে শিকল দিয়ে বেঁধে ঘর তালাবদ্ধ করে বাইরে যায়। যাওয়ার সময় সে বলে, ‘আজকে ওরে (শুক্কুরকে) পুড়িয়ে মারুম।’ কিছুক্ষণ পর ফিরে এসে সে ঘুমিয়ে পড়ে। সকাল থেকে সাদ্দাম পলাতক।
চট্টগ্রামে পিটিয়ে হত্যা : প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মোবারককে চোর সন্দেহে এভারগ্রিন কটন ফ্যাক্টরির সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে একটি মাঠে নিয়ে বাঁশ ও তার দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে মাঠ থেকে তাকে একটি গুদামে নিয়ে যাওয়া হয়। সেখানে মোবারকের হাত-পা তার দিয়ে বেঁধে টানা দুই ঘণ্টা ধরে মারধর করে। নির্মম নির্যাতনের পর রাতে গুরুতর আহত মোবারককে স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন ফার্মেসির চিকিৎসক। পরে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায়।
মোবারকের বাবা আবদুল মাবুদ জানান, তার ছেলে একটি চায়ের দোকান পরিচালনা করত। দুপুরে বাসা থেকে বের হয়। রাতে খবর পান একটি পোশাক কারখানার লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে।
পতেঙ্গা থানার ওসি মো. পারভেজ আলী বলেন, ‘চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
