সিসিটি পরিচালনা
ছয় মাসের কাজ পেতে দরপত্র দিল চার প্রতিষ্ঠান
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার কাজ পেতে চার প্রতিষ্ঠান দরপত্র দিয়েছে। শনিবার নির্ধারিত সময় শেষে দরপত্র বক্সে দরপত্রগুলো পাওয়া যায়। এদিকে দরপত্র জমা দিতে অবিশ্বাস্য কম সময় দেওয়ায় প্রশ্ন উঠেছে। বিজ্ঞপ্তি প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে দরপত্র ক্রয় ও জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। দরপত্র মূল্যায়ন শেষে আগামীকাল সোমবার অপারেটর নিয়োগ দেওয়া হবে।
সূত্র জানায়, সংক্ষিপ্ত সময়ের কারণে অনেক আগ্রহী প্রতিষ্ঠান দরপত্র কিনতে বা দিতে পারেনি। বিজ্ঞপ্তি অনুযায়ী-১৮ নভেম্বর পর্যন্ত দরপত্র কেনার শেষ সময় এবং ২১ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। বক্স খুলে চারটি প্রতিষ্ঠানের দরপত্র পাওয়া যায়। প্রতিষ্ঠানগুলো হলো-বার্থ অপারেটর এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশেনিয়া জয়েন্ট ভেঞ্চার (জেভি), শামীম এন্টারপ্রাইজ (প্রাইভেট) লিমিটেড ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
সিসিটি পরিচালনা করে আসছে সাইফ পাওয়ার টেক লিমিটেড। বন্দরের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। তবে এ চুক্তি আর নবায়ন করা হবে না। টার্মিনালটি পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার কথা রয়েছে। মাঝখানে ছয় মাসের আপদকালীন সময়ের জন্য অপারেটর নিয়োগ করা হচ্ছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, সিসিটি পরিচালনায় বর্তমান অপারেটরের চুক্তির মেয়াদ আগামী ২৪ নভেম্বর শেষ হচ্ছে। এ কারণে নতুন করে মঙ্গলবার সীমিত দরপত্র পদ্ধতিতে (এলটিএম) ছয় মাসের জন্য সিসিটি পরিচালনায় অপারেটর নিয়োগের দরপত্র আহ্বান করা হয়। নির্বাচিত প্রতিষ্ঠান চলতি বছরের ২৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৩ মে পর্যন্ত টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিং করবে।
