Logo
Logo
×
   

Advertisement

ঘরে বাইরে

সারা দিনের সতেজতায় সুগন্ধি

Advertisement

Icon

মুমতাহিনা মেহনাজ অনিভা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সারা দিনের সতেজতায় সুগন্ধি

Advertisement

গরমের এই সময়ে ঘরের বাইরে পা রাখাই যেন এক মহাঝামেলা। ঘরের ভেতরেও গরমের তীব্রতা থেকে মুক্তি নেই। এ উচ্চ তাপমাত্রা এবং আর্দ্র আবহাওয়ার কারণে শরীর থেকে অবিরাম ঘাম ঝরতে থাকে। ক্লান্তি দূর করতে গোসল করার পরও কয়েক মিনিটের মধ্যেই আবার ঘামে শরীর ভিজে যায়। আর সেই ঘামের সঙ্গে নিজের অস্বস্তির পাশাপাশি আশপাশের মানুষও পড়েন বিব্রতকর পরিস্থিতিতে। ফলে অফিস, বিশ্ববিদ্যালয়, গণপরিবহণ কিংবা সামাজিক অনুষ্ঠানে আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। তবে কিছু সহজ অভ্যাস; যেমন-সুগন্ধির ব্যবহারের মাধ্যমে এসব সমস্যার সমাধান করা সম্ভব।

ঘাম শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রক্রিয়া। অনেকেই মনে করেন, ঘাম থেকেই দুর্গন্ধের সৃষ্টি। আসলে বিষয়টি সত্য নয়। ঘাম মূলত পানি, লবণ এবং কিছু খনিজ উপাদানের মিশ্রণ, যার নিজস্ব কোনো গন্ধ নেই। ত্বকের ওপর থাকা ব্যাকটেরিয়া ঘাম এবং ত্বকের প্রাকৃতিক তেলের সঙ্গে বিক্রিয়া সৃষ্টি করে। তাই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি।

বাজারে বিভিন্ন ধরনের সুগন্ধি পাওয়া যায়। প্রয়োজন অনুযায়ী সঠিকটি বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। যাদের শরীরে খুব বেশি ঘাম হয় না, কিন্তু হালকা ঘামেই দুর্গন্ধ তৈরি হয়, তাদের জন্য ডিওডোরেন্ট উপযুক্ত। এটি ঘাম বন্ধ করে না, বরং ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমিয়ে দেয়। যাদের অতিরিক্ত ঘামার প্রবণতা রয়েছে, তাদের জন্য অ্যান্টিপারস্পিরেন্ট বেশি কার্যকর। এতে থাকা অ্যালুমিনিয়ামভিত্তিক উপাদান সাময়িকভাবে ঘামের পরিমাণ কমায়। রোল অন সরাসরি ত্বকে ব্যবহার করা হয়। এটি দীর্ঘসময় বগলকে সতেজ রাখতে সাহায্য করে এবং প্রতিদিন ব্যবহারের জন্য বেশ সুবিধাজনক। এ ছাড়া দ্রুত সতেজ অনুভূতি পেতে বডি স্প্রের বিকল্প নেই। তবে এর সুবাস সাধারণত তুলনামূলক কম সময় স্থায়ী হয়। আবার গোসলের পর হালকা ও সতেজ অনুভূতির জন্য বডি মিস্ট বেশ জনপ্রিয়। দিনে এটি বারবার ব্যবহার করা যায়। দীর্ঘসময় সুবাস ধরে রাখতে চাইলে, ভালো মানের পারফিউম ব্যবহার করা যেতে পারে। এটি সাধারণত অন্যান্য সুগন্ধির তুলনায় বেশি ঘন এবং দীর্ঘস্থায়ী।

সুগন্ধি ব্যবহারের সঠিক নিয়ম

গোসল শেষে শরীর সম্পূর্ণ শুকিয়ে গেলে সুগন্ধি ব্যবহার করুন। ঘাড়, কবজি, কানের পেছনে, কনুইয়ের ভাঁজে পারফিউম ব্যবহার করলে সুবাস দীর্ঘক্ষণ থাকে। পারফিউম ব্যবহারের পর ঘষাঘষি করবেন না। এতে সুগন্ধির অণু দ্রুত ভেঙে গিয়ে স্থায়িত্ব কমে যায়। এটি সাধারণত ত্বকে ব্যবহার করাই ভালো। তবে সংবেদনশীল ত্বক হলে আগে পরীক্ষা করে নিন। সরাসরি রোদে রাখা পারফিউমের গুণগত মান নষ্ট হতে পারে। তাই ঠান্ডা ও শুকনো স্থানে সংরক্ষণ করুন।

গরমের দিনে ঘাম হওয়া শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। বরং প্রয়োজন পরিচ্ছন্নতা, সঠিক পোশাক, পর্যাপ্ত পানি পান এবং নিজের জন্য উপযুক্ত সুগন্ধি নির্বাচন। সামান্য কিছু সচেতনতা আপনাকে সারা দিন রাখতে পারে ঝরঝরে, সতেজ এবং আত্মবিশ্বাসী। তাই নিজের যত্ন নিন, পরিচ্ছন্ন থাকুন এবং ছড়িয়ে দিন সতেজতার সুবাস।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম