অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে সিনার জকোভিচ ও সিওনতেক
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দর্শকদের চুপ করিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন ইয়ানিক সিনার, নোভাক জকোভিচ ও ইগা সিওনতেক। সরাসরি সেটে নিজেদের ম্যাচ জিতেছেন তারা। জিতেছেন গতবারের চ্যাম্পিয়ন ম্যাডিসন কিজও। তৃতীয় রাউন্ডে উঠে নিজের অবসর নিয়ে আরও একবার মুখ খুলেছেন জকোভিচ।
রড লেভার অ্যারেনায় প্রতিপক্ষ ৮৮তম জেমস ডাকওয়ার্থকে দাঁড়ানোর সুযোগ দেননি শীর্ষবাছাই সিনার। সরাসরি সেটে (৬-১, ৬-৪, ৬-২) ওয়াইল্ড কার্ড পেয়ে খেলতে নামা অসি খেলোয়াড়কে উড়িয়ে দেন তিনি। দর্শকরা স্থানীয় খেলোয়াড়কে উজ্জীবিত করার অনেক চেষ্টা করেন। তাতে লাভ হয়নি। হাসতে হাসতে পরের রাউন্ডে ওঠেন ইতালির সিনার। টানা তৃতীয় অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পথে এগোচ্ছেন তিনি।
চতুর্থ বাছাই জকোভিচের খেলা ছিল ১৪১তম ফ্রানসেস্কো মায়েস্ত্রেলির। কোয়ালিফায়ার খেলে সুযোগ পাওয়ার মায়েস্ত্রেলিও দর্শকদের সমর্থন পান। কিন্তু তার সামনে ছিলেন পুরুষদের টেনিসে সর্বাধিক ২৪ গ্র্যান্ড স্লামের মালিক। তাই লাভ হয়নি মায়েস্ত্রেলির। তাকে সরাসরি সেটে (৬-৩, ৬-২, ৬-২) হারান জকোভিচ।
খেলা শেষে জকোভিচকে অবসর নিয়ে প্রশ্ন করা হয়। এবারের অস্ট্রেলিয়ান ওপেন খেলে অবসর নিতে চলেছেন দুই তারকা গিল মঁফিস ও স্টান ওয়াওরিঙ্কা। নোভাকও কি সেই পথেই হাঁটবেন? জবাবে ৩৮ বছরের জকোভিচ বলেন, ‘মঁফিস আমার থেকে এক বছরের বড়। ওয়ারিঙ্কা দু’বছরের বড়। তার মানে, এখনো এক-দু’বছর আমার হাতে আছে।’
