Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

গোসাইরহাটে ৭ জেলের কারাদণ্ড, জাল জব্দ

Advertisement

Icon

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ পিএম

গোসাইরহাটে ৭ জেলের কারাদণ্ড, জাল জব্দ

মা ইলিশ ধরছিল জেলেরা। ছবি: যুগান্তর

Advertisement

শরীয়তপুর গোসাইরহাটে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ কেজি ইলিশ জব্দসহ ৭ জেলেকে আটক করা হয়।  তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলা ভরপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানিয়া বিনতে আফজলের ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন।

নদী ও সমুদ্রে মা ইলিশ রক্ষায় সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞার তৃতীয় দিন মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৩টা থেকে বেলা ১১টা পর্যন্ত পদ্মা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে জাল রেখে অনেক জেলে পালিয়ে গেলেও ৭ জনকে আটক করে সাজা দেওয়া হয়।

দণ্ডিতরা হলেন— উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের ভিমখিল গ্রামের বাসিন্দা শাকিল (১৮), একই ইউনিয়নের বসকাঠি গ্রামের বাসিন্দা খলিল (৩৫), ভাঙ্গা উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের চরশিমুলিয়া গ্রামের বাসিন্দা ছায়েদ হাওলদার (৪০), একই ইউনিয়নের চর শিমুলিয়া গ্রামের জয়নাল আবেদিন মিজি (২৮), উপজেলা কোদালপুর ইউনিয়নের ছৈয়াল পাড়া গ্রামের আজাহারুল (২০), কোদালপুর ইউনিয়নের ছৈয়ালপাড়া গ্রামের হারেজ সরদার (৩৫), কোদালপুর ইউনিয়নের ছৈয়ালপাড়া গ্রামের টিটু সরদার (২০)।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই ২২ দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহণ ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় যাতে কোনো অসাধু জেলে নদীতে মাছ ধরতে না পারে সে জন্য আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আমাদের তৎপরতা থাকবে।

ইলিশের উৎপাদন বাড়াতে গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে ও সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম