বিএনপির চমক সর্বকনিষ্ঠ ডা. প্রিয়াঙ্কার নেই কোনো মামলা-ঋণ
এম এ হাকাম হীরা, নালিতাবাড়ী ( শেরপুর)
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম
ডা. সানসিলা জেবরীন প্রিয়াঙ্কা।
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুর-১ (সদর) আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরীন প্রিয়াঙ্কা। পেশায় চিকিৎসক এই তরুণী কেবল শেরপুরেই নয়, সারা দেশের বিএনপি প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ। একই সঙ্গে তিনি ময়মনসিংহ বিভাগের দলটির একমাত্র নারী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডা. প্রিয়াঙ্কা শেরপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী হযরত আলী ও নিলুফা দম্পতির কন্যা। তার স্বামী রাহেমীন চৌধুরী পেশায় একজন আইনজীবী। উচ্চশিক্ষিত এই প্রার্থী এমবিবিএস পাশের পর লন্ডন থেকে এমআরসিএস ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি চিকিৎসার পাশাপাশি অনলাইন স্বাস্থ্যসেবার সঙ্গেও যুক্ত। ২০১৮ সালেও তিনি এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রথম জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, ডা. প্রিয়াঙ্কার বার্ষিক আয়ের প্রধান উৎস বাড়িভাড়া ও অন্যান্য স্থাবর সম্পত্তি । এতে তার আয় ৩ লাখ ৩৩ হাজার টাকা এবং অনলাইন চিকিৎসাসেবা থেকে ৩ লাখ ৬৫ হাজার ৮৭০ টাকা আয় করেন। তার কাছে নগদ ২৯ লাখ ৭৩ হাজার ৫১৭ টাকা এবং স্বামীর কাছে ১৭ লাখ ৩৯ হাজার ৭১৪ টাকা রয়েছে। তবে ব্যাংক জমার পরিমাণ তুলনামূলক কম। তার নিজের নামে ব্যাংকে ২ হাজার ৬২৯ টাকা এবং স্বামীর নামে ২৯ হাজার ৭০৮ টাকা জমা রয়েছে। এছাড়া বিয়ের উপহার হিসেবে তার নিজের ৬০ ভরি ও স্বামীর ৫০ ভরি স্বর্ণ রয়েছে। রয়েছে বাবার কাছ থেকে পাওয়া ঢাকার মিরপুরে ২ হাজার ৭শ বর্গফুটের একটা ফ্ল্যাট।
হলফনামায় দেখা যায়, ডা. প্রিয়াঙ্কার নামে বর্তমানে কোনো মামলা নেই এবং তিনি কোনো ধরনের ব্যাংক ঋণেও জড়িত নন। কর প্রদানেও তিনি নিয়মিত। ২০২৫-২০২৬ অর্থবছরে ৬৩ লাখ ৮২ হাজার ৩৩৩ টাকার রিটার্ন দাখিলের বিপরীতে তিনি ২৪ হাজার ৯১০ টাকা আয়কর প্রদান করেছেন।
ভোটের মাঠে তার ভিন্নধর্মী প্রচারণা, শিক্ষাগত যোগ্যতা ও পেশার পরিচয় শেরপুর-১ আসনের নির্বাচনী লড়াইয়ে ভিন্নমাত্রা যোগ করেছে।

