চট্টগ্রাম-৭
রাঙ্গুনিয়ায় নেতৃত্বে উন্নয়নের নতুন সম্ভাবনা
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাঙ্গুনিয়ার রাজনীতি ও উন্নয়ন ভাবনায় নতুন আলোচনার জন্ম দিয়েছে এক নাম, হুমাম কাদের চৌধুরী। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী এই নেতাকে ঘিরে এখন স্থানীয় মানুষের প্রত্যাশা আরও বড় পরিসরে বিস্তৃত হচ্ছে। মন্ত্রীত্ব নিয়ে আলোচনায় ও আছেন হুমাম কাদের।
নির্বাচনের ফলাফল শুধু একটি রাজনৈতিক বিজয় নয়, বরং দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশার প্রতিফলন বলেই মনে করছেন অনেকেই। রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়ন ও জনপদে কথা বললে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, মানুষ এখন উন্নয়ন ও স্থিতিশীল নেতৃত্বের ধারাবাহিকতা দেখতে চায়। আর সেই জায়গায় অনেকের আস্থার কেন্দ্র হয়ে উঠেছেন এই নবনির্বাচিত সংসদ সদস্য।
রাজনীতিতে তুলনামূলকভাবে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সংগঠনিক অভিজ্ঞতার কারণে তিনি ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে জাতীয় রাজনীতিতেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে। ফলে রাঙ্গুনিয়ার মানুষ মনে করছেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তার ভূমিকা থাকলে এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হতে পারে।
রাঙ্গুনিয়ার উন্নয়ন সম্ভাবনার তালিকাও দীর্ঘ। চন্দ্রঘোনা এলাকায় কর্ণফুলী নদীর ওপর সেতু নির্মাণ, কাপ্তাই-চট্টগ্রাম সড়ক চার লেনে উন্নীত করা, আধুনিক হাসপাতাল নির্মাণ, গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কগুলোর সম্প্রসারণ, কর্ণফুলী নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ এবং মাদক নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো স্থানীয় মানুষের কাছে অগ্রাধিকার পাচ্ছে। এসব বাস্তবায়নে কার্যকর রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাই উঠে আসছে বারবার।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, জাতীয় রাজনীতিতে রাঙ্গুনিয়ার প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হলে এই জনপদের দীর্ঘদিনের অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হতে পারে। সেই কারণেই অনেকের প্রত্যাশা, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে এই নেতাকে দেখা যেতে পারে।
নির্বাচন-পরবর্তী রাঙ্গুনিয়ার জনমনে যে প্রত্যাশার সুর তৈরি হয়েছে, তা নিঃসন্দেহে নতুন এক রাজনৈতিক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।
