Logo
Logo
×
   

সারাদেশ

কোনো অপকর্ম করে কেউ পার পাবে না: এমপি রেজাউল

Icon

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম

কোনো অপকর্ম করে কেউ পার পাবে না: এমপি রেজাউল

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। ছবি: যুগান্তর

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, কোনো অপকর্ম করে কেউ পার পাবে না। সে দলের হোক বা যে কেউ হোক না কেন, ছাড় দেওয়া হবে না। 
 
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে রাণীনগর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাণীনগর ও আত্রাইয়ে কোন চাঁদাবাজ, দখলবাজ ও দুর্বৃত্তায়নের স্থান হবে না। এই জনপদ হবে উন্নয়ন আর শান্তির জনপদ। নির্বাচনি এলাকার মানুষ আমাকে তাদের ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। তাদের জান-মাল নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোন রাজনৈতিক দুর্বৃত্তায়ন সহ্য করা হবে না।
  
এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা এবং আমার নির্বাচনি ইস্তেহার এই আসনের মানুষের জন্য বাস্তবায়ন করতে আমি অঙ্গীকারবদ্ধ। পর্যায়ক্রমে এলাকাবাসি এর সুফল পাবে। যথাযথ উন্নয়ন করতে গিয়ে কোন বিশেষ শক্তির কাছে মাথা নত করব না। সকল সমস্যাকে সামনে রেখে সবার সহযোগীতা নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে রাণীনগর-আত্রাইয়ে কাজ করে যাব।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উপজেলার সকল সমস্যার কথা মহান জাতীয় সংসদে তুলে ধরার আশ্বাস প্রদান করেন। নতুন বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দ্রুতই উপজেলার সকল সমস্যা সমাধান করে নওগাঁ-৬ আসনকে একটি মডেল আসন হিসেবে বিনির্মাণ করতে তিনি সরকারি কর্মকর্তা থেকে শুরু করে উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।  
 
পরে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও দুঃস্থ ৫টি পরিবার এবং একটি মাদ্রাসায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় (জিআর) টিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এরপর পরিষদ প্রাঙ্গনে একটি বৃক্ষরোপন করেন তিনি। 

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।    

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .