অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:২৩ পিএম
নিহত শিক্ষার্থী তন্ময় চন্দ্র (১৬)। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দীপ দেবনাথ (১৬) নামে আরও এক পরীক্ষার্থী।
বুধবার (৬ মে) দুপুরে চৌমুহনী চৌরাস্তা-মাইজদী সড়কের বেগমগঞ্জ কৃষি ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তন্ময় নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের কুরিপাড়া এলাকার কার্তিক চন্দ্রের ছেলে এবং চৌমুহনী ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে বের হয়ে তন্ময় তার বন্ধু দীপের সঙ্গে বাইরে যান। দুপুরে চৌমুহনী চৌরাস্তা এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
এদিকে তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শিক্ষার্থী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর সিএনজি চালক পালিয়ে যান। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

