Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রংপুরে বিক্ষোভ

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:৫৩ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রংপুরে বিক্ষোভ

ফাইল ছবি

Advertisement

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি এবং ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরে তারা কোতোয়ালী থানায় গিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে অভিযোগ দাখিল করেন।

বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে রংপুর নগরীর টাউন হল চত্বর থেকে প্রায় শতাধিক শিক্ষার্থীর একটি বিক্ষোভ মিছিল বের হয়। 

মিছিলটি ডিসির মোড় প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে ফিরে আসে। পরে সেখান থেকে শিক্ষার্থীরা কোতোয়ালী থানায় গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। বিকাল সাড়ে ৫টার দিকে তারা কর্মসূচি শেষ করেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে তারা অভিযোগ করেন, মঙ্গলবার ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ও পুলিশি মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কোতোয়ালী থানায় গিয়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা মামলা করার গ্রহণ করার জন্য দাবি জানলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মাহফুজুর রহমান তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি শিক্ষার্থীদের বক্তব্য বিস্তারিতভাবে শোনেন এবং জানান, যেহেতু অভিযোগে উল্লিখিত ঘটনাটি অন্য এলাকার, তাই সংশ্লিষ্ট থানায় মামলার বিষয়টি আইনগতভাবে বিবেচ্য। তবে তাদের লিখিত অভিযোগ গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। 

পরে শিক্ষার্থীদের পক্ষে একটি লিখিত অভিযোগ কোতোয়ালী থানায় জমা দেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়, গতকাল (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে শিক্ষামন্ত্রীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের নির্দেশে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং গালাগাল করে। পাশাপাশি পাঠ্যক্রম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। 

লিখিত অভিযোগে এইচএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের পক্ষে স্বাক্ষর করেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরের পরীক্ষার্থী মো. মাহদী হাসান অনিক। এ সময় উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মোছা. আফ্রিদা জাহিন ও মো. ইফাজ এবং কারমাইকেল কলেজের মোছা. নুহাসা ও প্রান্তসহ অন্য শিক্ষার্থীরা।

উপ-পুলিশ কমিশনার মাহফুজুর রহমান বলেন, শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা হয়েছে। তাদের অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম