দিনদুপুরে ধাওয়া করে তরুণকে গুলি
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের হাটহাজারীতে দিনদুপুরে এক তরুণকে ধাওয়া করে গুলি করে পালিয়েছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ তরুণের নাম মুহাম্মদ আরাফাত (২৬)। স্থানীয় বিরোধকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা করছেন স্থানীয়রা।
সোমবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে। সে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডলের বাড়ির বাসিন্দা।
রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান। তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে থানা পুলিশ মাঠে কাজ করছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, মদুনাঘাট বাজার থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় তাকে ধরে তার মুখে গুলি করে দুর্বৃত্তরা। গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা গেছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আরাফাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন গণমাধ্যমকর্মীদের জানান, গুলির শব্দ ও স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে কাউকে পাননি। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারেন, মদুনাঘাটের আরাফাত নামের এক তরুণকে গুলি করে কয়েকজন ব্যক্তি পালিয়ে গেছে। স্থানীয় বিরোধকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা।
ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইব্রাহিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের জানান, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। গুলিবিদ্ধ একজনকে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেছেন। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এ ব্যাপারে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের রেজিস্ট্রার উপল চৌধুরী বলেন, আরাফাত নামের একজন ওয়ার্ডে ভর্তি আছেন। তার মুখে গুলি লেগেছে। সেটি গুরুতর নয়। রাবার বুলেট বা ছররা গুলি হতে পারে। শরীরের অন্য কোথাও জখম নেই।
