চট্টগ্রামে ক্রেনের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম
চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় ক্রেনের সঙ্গে ধাক্কায় নাফিসা নাওয়াল নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
|
ফলো করুন |
|
|---|---|
স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছিলেন সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিসা নাওয়াল। কিন্তু পথিমধ্যে একটি ক্রেনের ধাক্কায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন তিনি। ফলে তার আর পরীক্ষার টেবিলে বসা হলো না। মুহূর্তেই নিভে গেল এই শিক্ষার্থীর জীবন প্রদীপ। শনিবার (২২ আগস্ট) সকালে ইপিজেড থানার নেভি গেট এলাকায় এই ঘটনা ঘটে। নাফিসা পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির মামুন মিয়ার মেয়ে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করেছে পরিবার।
পুলিশ সূত্রে জানা যায়, নাফিসা এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে রাস্তায় একটি ক্রেনের সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক ক্রেনটি জব্দ করে ইপিজেড থানা পুলিশ। নাফিসার পরীক্ষা ছিল নগরীর হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে। পরীক্ষার কেন্দ্রে পৌছানোর আগে ঘাতক ক্রেন তার প্রাণ প্রদীপ কেড়ে নিয়েছে।
ইপিজেড থানার ওসি আতিকুর রহমান যুগান্তরকে জানান, ‘দুর্ঘটনার পরপরই অভিযান চালিয়ে ক্রেনটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরীক্ষার্থীর বাবা মামুন মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পোস্টমর্টেম শেষে শিক্ষার্থীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
