Logo
Logo
×
   

সারাদেশ

রাউজানে ফের গুলিতে যুবক নিহত, হত্যার কারণ নিয়ে ধোঁয়াশা

Icon

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ এএম

রাউজানে ফের গুলিতে যুবক নিহত, হত্যার কারণ নিয়ে ধোঁয়াশা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে ফের গুলির ঘটনায় মোহাম্মদ করিম (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, করিমকে বুকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে কেরানিহাট সড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। নিহত মোহাম্মদ করিম উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মো. শফীর ছেলে।

এলাকাবাসীর দাবি, করিম মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। মাদক কারবারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান জানান, কেরানিহাট এলাকায় কে বা কারা একজনকে গুলি করে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

এদিকে স্থানীয় সূত্রের দাবি, গত ৫ আগস্টের পর থেকে এ নিয়ে রাউজানে ২৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে স্থানীয় অনেকে বলছেন, সর্বশেষ এ ঘটনাটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। বিষয়টি তদন্তের পরই হত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম