৬ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দাবি মেনে নেওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে, ফলে টানা ৬ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ থেকে বিস্কুট বোঝাই ট্রাক ভারতে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়। পরে দুপুর ১২টার দিকে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করে।
গত রোববার থেকে ট্রাকে পণ্য পরিবহণে ওজন নির্ধারণের প্রতিবাদে ও সব স্থলবন্দরের ন্যায় হিলি স্থলবন্দরে একই ধরনের সুযোগ-সুবিধার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন ভারতীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক হলে সেখানে সব দাবি মেনে নেয়। ফলে ৬ দিন ধরে চলা ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, টানা ৬ দিন বন্ধের পর আবারও বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বন্দর এলাকায় কর্মচাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে। আমদানিকারকরা দেশের বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বেশি বেশি পণ্য আমদানি করছেন। আমদানি অব্যাহত থাকলে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।
হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আমদানিকৃত কাঁচাপণ্যসহ সব ধরনের পণ্য দ্রুত খালাসপূর্বক সব ধরনের সহযোগিতা করছে হিলি কাস্টমস।

-6a9c23641b6a4.jpg)