আধিপত্য বিস্তার নিয়ে যুবক খুন, ঘাতককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম
সাতকানিয়া থানা
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে ইয়াবা ব্যবসার বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম তাহমিদুল হাসান হামিম (১৯)।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানীহাট সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
হামিম উপজেলার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসমত আলী সিকদার দোকানের পার্শ্ববর্তী আলী হাদি বাড়ির মৃত ফরিদুল আলমের ছেলে।
এদিকে রাতেই ঘাতক মো. রোহান উদ্দিনকে (১৯) উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দোহাজারী-কক্সবাজার রেললাইনসংলগ্ন একটি বাড়ি থেকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নানা বিরোধ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে তাদের মধ্যে ইতোপূর্বে একাধিকবার মারামারির ঘটনা ঘটে। দুইজনের মধ্যে চলমান বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার রাতে কেরানীহাট সিটি সেন্টারের দ্বিতীয়তলায় একটি চায়ের দোকানে বৈঠকে বসে। বৈঠক চলাকালে হামিম ও রোহানের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় রোহান হঠাৎ করে ছুরি বের করে হামিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন গুরুতর অবস্থায় হামিমকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হামিম মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোহানকে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেন।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতককে গ্রেফতার করা হয়েছে।
