ক্রেতা সেজে ডিবির অভিযান
চট্টগ্রামে ছাত্রদল নেতার বাড়ি থেকে বিদেশি মদ উদ্ধার
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে ক্রেতা সেজে ছাত্রদলের এক নেতার বাসা থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই নেতার নাম আবু শাকিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাকিল পালিয়ে যান। বুধবার রাতে বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
তবে শাকিল পালিয়ে গেলেও অবৈধভাবে মদ রাখা ও বিক্রির অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়। তারা হচ্ছে- পুষ্পেন ব্যানার্জি (৫৮) ও শামসুল ইসলাম (৪৭)।
এদিকে এ ঘটনায় আবু শাকিলকে বহিষ্কার করেছে নগর ছাত্রদল।
পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা যায়, মোহাম্মদ আবু শাকিল বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। বুধবার সন্ধ্যায় বন্দর থানার কে বি দোভাষ লেন এলাকায় তার বাসায় অভিযান চালানো হয়। এ সময় শাকিলের শোবার ঘরে তল্লাশি চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক মূল্য ১০ লাখ ৯৫ হাজার টাকা। এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে।
বহিষ্কার: এ ঘটনার পর ছাত্রদল থেকে বহিস্কার করা হয়েছে আবু শাকিলকে।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ আবু শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
