বাতিলের দাবিতে বিক্ষোভ
ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহণের রুট পারমিট ৬৪, চলছে ১৭০ বাস
Advertisement
মতিউর রহমান, মানিকগঞ্জ
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ এএম
সেলফি পরিবহণের বাসের রুট পারমিট বাতিলের দাবিতে বিক্ষোভ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহণ প্রাইভেট লি. নামের যাত্রীবাহী বাসের রুট পারমিট রয়েছে ৬৪টির। চলাচল করছে ১৭০টি বাস! বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক মাহবুব কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
রুট পারমিটের সংখ্যা ও পরিবহণের ব্যানারে চলাচলকারী বাসের সংখ্যার মধ্যে এই ব্যবধানের কারণ কী, অতিরিক্ত বাসগুলো কোন অনুমোদনের আওতায় চলছে এবং এসব বাসের পৃথক রুট পারমিট রয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরিষ্কার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এরই মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহণের বাসের রুট পারমিট বাতিলের দাবিতে ফের বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা। সোমবার শিবালয় উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় ‘নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে খোন্দকার তুহিন হোসেন, অহিদুজ্জামান মাবুল, গোলাম রব্বানী, বাবুল হোসেন, মো. পীযূষ ফাইটার, চঞ্চল হোসেন, রাকিব হোসেন, সাকিব হোসেন, রমজান মিয়া, মির্জা আব্বাস, মামুন মিয়া বক্তব্য দেন।
বক্তারা সেলফি পরিবহণের বাস চলাচল নিয়ে তাদের অসন্তোষের কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, বাসগুলো অতিরিক্ত গতিতে ও ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে এবং প্রতিযোগিতামূলকভাবে ওভারটেকিং করে। এতে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে। কয়েক জন চালকের ড্রাইভিং লাইসেন্স এবং কেউ কেউ মাদক সেবন করে গাড়ি চালান বলেও অভিযোগ করেন তারা। এসব অভিযোগের ভিত্তিতে পরিবহণটির রুট পারমিট বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা।
অভিযোগের বিষয়ে সেলফি পরিবহণের পাটুরিয়া ঘাট শাখার তত্ত্বাবধায়ক সুলতান মাহমুদ বলেন, তাদের পরিবহণের বাসের রুট পারমিট এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে। কারও ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া বেপরোয়া গতিতে গাড়ি না চালাতে চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, বিষয়টি নিয়ে সম্প্রতি অংশীজনদের সঙ্গে সভা করেছেন তিনি। দ্রুত আবারও সবাইকে নিয়ে সভা করে যাত্রী নিরাপত্তা ও সেবার মান নিয়ে পরিবহণটির কী কী অনিয়ম-অসঙ্গতি রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের সিদ্ধান্ত দেওয়া হবে।
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা-বিভাগীয় অফিস ও বিআরটিএ ঢাকা জেলা অফিসের বরাত দিয়ে মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক মাহবুব কামাল যুগান্তরকে জানান, একদিনের সরেজমিন প্রতিবেদনে দেখা যায়, সেলফি পরিবহণ প্রাইভেট লি. ব্যানারে চলাচল করেছে ১৭০টি বাস। অথচ সরকারি তালিকায় সেলফি পরিবহণ প্রাইভেট লিঃ রুট পারমিট রয়েছে মাত্র ৬৪টির।

