Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ইজিবাইকে মাগুরা থেকে ঢাকার উদ্দেশে ৫ শিশু, অতঃপর...

Advertisement

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ এএম

ইজিবাইকে মাগুরা থেকে ঢাকার উদ্দেশে ৫ শিশু, অতঃপর...

ফাইল ছবি

Advertisement

কৈশোরের দুরন্তপনা ও কৌতূহল থেকে মাগুরা থেকে ইজিবাইকে করে একসঙ্গে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল পাঁচ শিশু। পরে রাজবাড়ীর দৌলতদিয়া বাসস্ট্যান্ড থেকে তাদেরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০ থেকে ১৩ বছর বয়সি ওই পাঁচ শিশুকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুরা হলো—মাগুরা সদর উপজেলার কাদিরাবাদ এলাকার আনোয়ার ও বিউটি দম্পতির ছেলে মো. হিরোন (১১), সাগর বিশ্বাস ও রোজিনা বেগমের ছেলে জিসান (১৩), নাজমুল ও আঙ্গুরার ছেলে আবুজার (১৩), তরিকুল ইসলাম টিয়া ও লতিফা বেগমের ছেলে মো. আব্দুল্লাহ (১৩) এবং আলমগীর বিশ্বাস ও নাজমা বেগমের ছেলে খালিদ বিশ্বাস (১০)।

পুলিশ ও শিশুদের পরিবারের সূত্রে জানা গেছে, এই পাঁচ শিশু পরস্পর ঘনিষ্ঠ বন্ধু। তারা একসঙ্গে খেলাধুলা করত। রাজধানী ঢাকা দেখার উদ্দেশে নিজেদের জমানো কিছু টাকা সঙ্গে নিয়ে সোমবার সকালে কৌতূহলবশত কাউকে কিছু না জানিয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর একটি ইজিবাইক ভাড়া করে মাগুরা সদর থানা এলাকার কাদিরাবাদ থেকে রওনা দেয় তারা। ইজিবাইকে করে দুপুর ২টার দিকে দৌলতদিয়া বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়।

এদিকে সন্তানদের বাড়িতে না পেয়ে তাদের অভিভাবকেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় সন্তানদের সন্ধান না পেয়ে তারা উদ্বিগ্ন ও আতঙ্কিত হয়ে পড়েন।

দৌলতদিয়া বাসস্ট্যান্ডে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে গোয়ালন্দ ঘাট থানার টহল পুলিশের সদস্যরা ওই পাঁচ শিশুর সঙ্গে কথা বলেন। একপর্যায়ে পুলিশ সদস্যরা তাদের বাড়ি, পরিচয় ও সেখানে আসার কারণ জানতে পারেন। শিশুদের কথাবার্তা থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে পাঁচ শিশুর বাবা-মা ও অভিভাবকেরা সন্ধ্যার পর গোয়ালন্দ ঘাট থানায় ছুটে আসেন। দীর্ঘ সময় পর সন্তানদের ফিরে পেয়ে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ শিশুদেরকে তাদের বাবা-মায়ের কাছে হস্তান্তর করে। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, পাঁচ শিশু একসঙ্গে খেলাধুলা করত। কৌতূহল ও দুরন্তপনার বশে তারা পরিবারের কাউকে না জানিয়ে ঢাকার উদ্দেশে মাগুরা থেকে বেরিয়ে পড়ে। দৌলতদিয়া বাসস্ট্যান্ডে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় টহল পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করেন। পরে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা থানায় এসে শিশুদের নিয়ে যান। সন্তানদের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন থাকার পাশাপাশি শিশুদের একা কোথাও যেতে না দেওয়ার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম