সার নিয়ে আতঙ্ক নয়, বেশি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সার নিয়ে আতঙ্ক ছড়ানো, কৃত্রিম সংকট তৈরি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ ঠেকাতে মানিকগঞ্জে সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। সভায় নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং কৃষকদের কোনো ধরনের হয়রানি না করার অঙ্গীকার করে শপথ নেন ডিলাররা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাজাহান সিরাজের পরিচালনায় সভায় সদর উপজেলার বিসিআইসি, বিএডিসি ও খুচরা সার ডিলাররা অংশ নেন।
সভায় সারের বরাদ্দ, মজুদ, সরবরাহ ও বিতরণসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি না করা এবং সার কিনতে আসা কৃষকদের কোনো ধরনের হয়রানি না করার বিষয়ে ডিলারদের সতর্ক করা হয়। পরে ডিলাররা হাত তুলে নির্ধারিত মূল্যে সার বিক্রি ও কৃষক হয়রানি না করার অঙ্গীকার করেন।
সভায় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম ভূঁইয়া, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, ব্যবসায়ী প্রতিনিধি গোলাম আবেদিন কায়সার, কৃষক প্রতিনিধি আসাদুজ্জামান খান দোলন এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান শামীম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাজাহান সিরাজ বলেন, গত বছরের তুলনায় এ বছর জেলায় সারের বরাদ্দ বেশি রয়েছে। তবে কৃষকদের চাহিদা বিবেচনায় আরও অতিরিক্ত বরাদ্দ চাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। অন্য জেলার খবরের ওপর ভিত্তি করে কৃষকদের প্রয়োজনের অতিরিক্ত সার মজুদ না করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, কৃষকদের কোনো নির্দিষ্ট ধরনের সার কিনতে বাধ্য করা যাবে না। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি বা সার বিক্রিতে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

