নাচোলে ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, পাঠদান ব্যাহত
Advertisement
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পিএম
বিদ্যালয়গুলোতে দিনদিন লেখাপড়ার চরম বিপর্যয় ঘটছে।
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘদিন ধরে নতুন নিয়োগ ও পদোন্নতি বন্ধ থাকায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট দেখা দিয়েছে। উপজেলার ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৮টিতেই নেই কোনো স্থায়ী প্রধান শিক্ষক। বর্তমানে ৩৩টি বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক ও ১৭টিতে চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষক রয়েছেন। বাকি ৩৮টি বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পরিচালিত হওয়ায় প্রশাসনিক কার্যক্রম ও নিয়মিত পাঠদান খুঁড়িয়ে চলছে।
প্রধান শিক্ষক না থাকায় দাপ্তরিক কাজের পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদানের দ্বিগুণ চাপ সামলাতে হচ্ছে সহকারী শিক্ষকদের। জরুরি প্রয়োজনে জেলা ও উপজেলা শিক্ষা অফিসে যাতায়াত করতে গিয়ে লেখাপড়া ব্যাহত হচ্ছে। অনেক বিদ্যালয়ে অনুমোদিত পদের বিপরীতে অর্ধেকেরও কম শিক্ষক দায়িত্ব পালন করছেন। যার ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দিনদিন লেখাপড়ার চরম বিপর্যয় ঘটছে।
উপজেলার সগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা খাতুন জানান, দাপ্তরিক কাজে অফিসে যাতায়াত করার কারণে প্রায়ই ক্লাশ মিস হয় এবং অন্যান্য শিক্ষকদের অতিরিক্ত ক্লাশ নিতে হয়। প্রধান শিক্ষক না থাকায় একই কাজ আমাদের দ্বিগুণ করতে হয়। অথচ আমরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করলেও বেতন সহকারী শিক্ষকের পাই। সরকারের কাছে আমাদের জোর দাবি, দ্রুত যেন প্রধান শিক্ষকের পদ পূরণ করা হয়।
বহরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মাহমুদ জানান, মাত্র ৩ জন শিক্ষক দিয়ে ১৪৭ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রধান শিক্ষক না থাকায় আমাদের চরম ভোগান্তি ও মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া শিক্ষাক্ষেত্রে ও ছাত্রছাত্রীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
একই চিত্র শব্দুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও, যেখানে ৬টি অনুমোদিত পদের বিপরীতে ৩ জন শিক্ষক ১২৬ জন শিক্ষার্থীর দায়িত্ব সামলাচ্ছেন বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীলিমা আকতার।
এ বিষয়ে নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজনু মিয়া জানান, শিক্ষকসংকটের কারণে পাঠদানে সৃষ্ট সমস্যার বিষয়টি তারা অবগত আছেন। শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত জানানো হচ্ছে এবং খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

-6aa8e89f4912e.jpg)