বিএনপি নেতার গোয়ালঘরে চোরাই গরু, এলাকায় চাঞ্চল্য
Advertisement
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম
অভিযুক্ত বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু ও তাজুল ইসলাম তাজু। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু বিএনপির এক নেতার গোয়ালঘর থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভোলাকোট ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ইউনিয়ন বিএনপি। একই ঘটনায় গরু চুরির সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ভাটরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক তাজুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর রাতে ভাটরা ইউনিয়নের নলছারা গ্রামের ফাতেমা বেগমের দুটি গরু চুরি হয়। এরপর স্বজন ও স্থানীয়রা গরু দুটির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ভোলাকোট ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর গোয়ালঘরে চুরি যাওয়া একটি গরু পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়লে তার বাড়ির আশপাশে লোকজন জড়ো হন। পরে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটি উদ্ধার করে হেফাজতে নেয়।
এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেলোয়ার হোসেন দেলুকে তিন দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ভোলাকোট ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার ও সাধারণ সম্পাদক আবদুল হামিদ বিএসসি নোটিশে স্বাক্ষর করেন।
অন্যদিকে, গরু চুরির ঘটনায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগে তাজুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ভাটরা ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান লাভলু ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
তবে দেলোয়ার হোসেন দেলু গরু চুরির সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাজুলসহ কয়েকজন ওই গরুটি তার গোয়ালঘরে রেখে যায়। পরে গরু চুরির খবর জানতে পেরে তার সন্দেহ হয়। তিনি বলেন, সন্দেহ হওয়ায় গরুটি বিক্রি করিনি এবং আমি পরিস্থিতির শিকার।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তায় আলাউদ্দিন নামে এক ব্যক্তির বক্তব্য শোনা গেছে। সেখানে তিনি নিজে, তাজুল ও কবির গরু চুরির সঙ্গে জড়িত বলে দাবি করেন। গরুটি ফেরত দেওয়ার বিষয়েও তাদের মধ্যে কথা হয়েছিল বলে অডিওতে দাবি করা হয়। তবে অডিওটির সত্যতা এবং এতে বক্তব্য দেওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই করা সম্ভব হয়নি।
রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। গরুটি কিভাবে ওই গোয়ালঘরে গেল এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তদন্তের মাধ্যমে তা বের করা হবে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

-6aaa90616e8e4.jpg)