Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহী সিটি নির্বাচন

সাবেক মেয়র বুলবুলসহ হাফ ডজন প্রার্থী বিএনপিতে, ডা. জাহাঙ্গীরে একাট্টা জামায়াত

আনু মোস্তফা

আনু মোস্তফা

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

সাবেক মেয়র বুলবুলসহ হাফ ডজন প্রার্থী বিএনপিতে, ডা. জাহাঙ্গীরে একাট্টা জামায়াত

রাজশাহী সম্ভাব্য মেয়র প্রার্থীরা

Advertisement

সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে প্রস্তুত রাজশাহী মহানগরীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আগামী বছরের শুরুতে নির্বাচন ধরে নিয়ে সম্ভাব্য প্রার্থীরা দিন রাত চষে বেড়াচ্ছেন মাঠ। কেউ কেউ আবার মনোনয়ন বাগিয়ে নিতে কেন্দ্রে জোর লবিং চালাচ্ছেন। সবমিলিয়ে জমে উঠেছে ভোটের পরিবেশ। 

 রাজশাহী বিএনপিতে এবার একটি গুঞ্জন চাউর হয়েছে যে, মনোনয়ন যার মেয়র তিনি। তাই মনোনয়ন বগলদাবা করাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নেতাদের কাছে। আর বিরোধী দল জামায়াত দলীয় প্রার্থী ঘোষণা দিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছে। প্রথমবারের মতো নগরপিতার আসনটি তাদের চাই-ই চাই। রাজশাহীতে জামায়াতের আত্মবিশ্বাসী হওয়ার কারণ হচ্ছে বিগত নির্বাচনে তারা সেখানে ভালো করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন রাজশাহী-২ এ অল্প ব্যবধানে হেরেছে কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিনুর কাছে। এছাড়া বিএনপির অভ্যন্তরীণ কোন্দলও জামায়াতকে সফল হওয়ার বিষয়ে আশাবাদী করেছে।

আওয়ামী লীগ মাঠে না থাকায় প্রতিদ্বন্দ্বিতা মূলত হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। এনসিপিও পৃথক প্রার্থী দেবে। রাজশাহীতে অতীতে বিএনপি ও আওয়ামী লীগ কয়েকবার করে মেয়র পেয়েছে।এবার সেখানে ভাগ বসাতে চায় জামায়াত।

১৯৮৭ সালে পৌরসভা থেকে সিটিতে রূপান্তর হয় রাজশাহী। সাড়ে ৩ লাখের চেয়ে কিছু ভোটারের ছোট্ট এই নগরী সাজানো গুছানো ছিমছাম। এটিকে মডেল সিটি বলা হয়। রাজশাহীতে বিএনপি ও আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা মেয়র পদে ছিলেন। রাজশাহী সিটির সফল মেয়র ছিলেন বর্তমান ভূমিমন্ত্রী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এই সিটির একাধিকবার মেয়র ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন। এরপর কেন্দ্রীয় বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলও এক টার্ম মেয়র ছিলেন।

জানা গেছে, এবার ক্ষমতাসীন বিএনপির হাফ ডজন নেতা মেয়র প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন। তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন। জোরেশোরে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন-সৈয়দ শাহীন শওকত, মোসাদ্দেক হোসেন বুলবুল, মামুনুর রশিদ মামুন, মাহফুজুর রহমান রিটন, আবুল কালাম আজাদ সুইট ও ওয়ালিউল হক রানা। তবে দল এখনো কাউকে গ্রিন সিগনাল দেয়নি। এবার বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে আলোচনার রেশটা একটু বেশি। গত ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর প্রান্তিক ব্যবধানে জয়ের পর এবার সিটি নির্বাচনে প্রার্থীদের নিয়ে দলের ভেতর-বাইরে আলোচনা চলছে।

 এদিকে আগেভাগেই বিরোধী দল জামায়াতে ইসলামী মোহাম্মদ জাহাঙ্গীরকে মেয়র প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। এর কয়েক মাস আগেই মেয়র প্রার্থী হিসাবে মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এ নির্বাচনে জাতীয় পার্টি-জাপাও প্রার্থী দেবে বলে জানা গেছে।

জামায়াত ঘোষিত মেয়র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর গত সংসদ নির্বাচনে রাজশাহী-২ (মহানগর) আসনে দলীয় প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিনি ১ লাখ ৩৭০ ভোট পেয়ে বিএনপির হেভিওয়েট প্রার্থী মিজানুর রহমান মিনুর কাছে মাত্র ২৮ হাজার ভোটে হেরেছিলেন। দলীয় নেতাকর্মীরা বলছেন, মহানগরে জামায়াতের জনপ্রিয়তা কয়েকগুণ বেড়েছে। এবার তার পক্ষে সাংগঠনিকভাবে সক্রিয় হয়ে উঠেছেন নেতাকর্মীরা।

রাজশাহী মহানগর জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ-সদস্য ড. কেরামত আলী বলেন, সিটি নির্বাচনে মোহাম্মদ জাহাঙ্গীরকে বিজয়ী করতে আমাদের মাসব্যাপী বিশেষ গণসংযোগ কর্মসূচি চলছে। প্রার্থীর সমর্থনে ওয়ার্ডে ওয়ার্ডে সুধী সমাবেশ করছি। স্থানীয় কর্মসূচিগুলোতেও আমাদের প্রার্থী অংশ নিচ্ছেন। পরে দলের পক্ষে আরও কর্মসূচি আসবে।

এনসিপির মেয়র প্রার্থী মোবাশ্বের আলীও নির্বাচনমুখী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তিনি বলেন, আমাকে প্রার্থী ঘোষণার পর থেকে আমি মাঠে আছি। এদিকে জাপার মহানগর আহ্বায়ক সালাহউদ্দিন মিন্টু বলেন, নির্বাচন আসতে দেরি আছে। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুত মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এদিকে বিএনপির হাফ ডজন নেতা মাঠে সক্রিয় থাকলেও কেবল দলটির কেন্দ্রীয় বন ও পরিবেশ সম্পাদক এবং সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সরাসরি নির্বাচনের অভিজ্ঞতা আছে। গত ১২ জুলাই বন উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান করায় তিনি রাজশাহী ছেড়ে ঢাকায় কেন্দ্রীভূত হয়েছেন। কয়েকমাস ধরে রাজশাহীর রাজনীতিতে অনুপস্থিত। দলীয় সূত্রে জানা গেছে, তিনি আগামী সিটি নির্বাচনে আবারও দলের মনোনয়নপ্রত্যাশী। তবে এ বিষয়ে তার মন্তব্য পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, রাসিকের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন প্রার্থী হওয়ার জন্য কাজ করছেন। রিটন প্রকাশ্যে বিষয়টি না বললেও নগরজুড়ে নিজের ও তার অনুসারীদের বিভিন্ন তৎপরতায় প্রতিদিন দেখা যাচ্ছে। তিনি দলীয় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি ওয়ার্ড বা মহল্লার মসজিদ কমিটি, ক্রীড়া সংঘ, ক্লাব সমিতিতে যাচ্ছেন। তার ব্যানার ফেস্টুন ফ্লেক্সে ছেঁয়ে গেছে নগরী। চলছে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার।

এ বিষয়ে মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীবাসীর মন জয় করাই আমার প্রথম কাজ। আমি সেই লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, প্রার্থী হওয়ার বিষয়টি দলের মূল্যায়ন ও মনোনয়নের ওপর নির্ভরশীল। দল মনোনয়ন দিলে নির্বাচন করব। নগরবাসী সমর্থন দিলে রাজশাহীকে একটি আধুনিক মহানগরী হিসাবে গড়ে তোলার বিস্তৃত পরিকল্পনা রয়েছে।

সম্ভাব্য মেয়র প্রার্থী হতে কর্মসূচিতে সক্রিয় রয়েছেন মহানগর বিএনপির সহসভাপতি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। নগরজুড়ে তারও ব্যানার ও ফেস্টুন সাঁটানো হয়েছে। তিনি বলেন, শিক্ষাজীবন থেকে রাজনীতি করছি। সবসময় মানুষের পাশে ছিলাম এবং এখনো আছি। দল মনোনয়ন দিলে মেয়র পদে নির্বাচন করে নগরবাসীর সেবা করতে চাই।

মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন মেয়র প্রার্থী হওয়ার জন্য দলীয় ও বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। দল মনোনয়ন দিলে তিনি নির্বাচন করবেন বলে তার ঘনিষ্ঠ অনুসারীরা জানিয়েছেন। তবে এ বিষয়ে তার মন্তব্য পাওয়া যায়নি।

মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন মহানগর বিএনপির সহসভাপতি ওয়ালিউল হক রানা। তিনি বলেন, দলের সব কর্মসূচিতে অগ্রণী ভূমিকা রেখেছি। দল আমাকে মেয়র পদে নির্বাচনের সুযোগ দিলে বিপুল ভোটে জনগণের রায় পাব।

মেয়র নির্বাচনে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতও আগ্রহী বলে জানা গেছে। তিনি নির্বাচনমুখী কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। নিজের ব্যাপারে তিনি বলেন, বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। দলে রাজশাহীতে মেয়র প্রার্থী হওয়ার মতো অনেক যোগ্য নেতা আছেন। তবে দল জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা, সততা-সবদিক মূল্যায়ন করে একজনকেই মনোনয়ন দেবে। এখনো দল থেকে কাউকে গ্রিন সিগনাল দেয়নি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: সিটি করপোরেশন নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

বাঘায় গ্রামীণ ব্যাংকের গেটে ৬ ককটেলসদৃশ বস্তু, রেললাইনে আগুন

বাঘায় গ্রামীণ ব্যাংকের গেটে ৬ ককটেলসদৃশ বস্তু, রেললাইনে আগুন

কোথাও সারের সংকট নেই, কৃষকদের ‘আতঙ্কই’ দায়ী: কৃষি সচিব

কোথাও সারের সংকট নেই, কৃষকদের ‘আতঙ্কই’ দায়ী: কৃষি সচিব

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

রাজশাহীতে তাফসির মাহফিলে আসছেন আজহারী

রাজশাহীতে তাফসির মাহফিলে আসছেন আজহারী

রাজশাহীতে বিআরটিসির দুই বাসে আগুন

রাজশাহীতে বিআরটিসির দুই বাসে আগুন

৭১ থানার ওসিকে যে শপথ করালেন ডিআইজি

৭১ থানার ওসিকে যে শপথ করালেন ডিআইজি

আরও পড়ুন

গোয়ালন্দে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন

গোয়ালন্দে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, পাঁচজনের কারাদণ্ড

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, পাঁচজনের কারাদণ্ড

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন

শত বছরের প্রতীক্ষার অবসান, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু

শত বছরের প্রতীক্ষার অবসান, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম