ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পিএম
ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার
|
ফলো করুন |
|
|---|---|
উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, সেবার মান এবং সাধারণ মানুষের ভোগান্তির চিত্র সরেজমিন দেখতে নেত্রকোনার দুর্গাপুরে হঠাৎ অফিস পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
পরিদর্শনকালে তিনি দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা, নামজারি, খাজনা আদায়, ভূমি রেকর্ড ও সংশ্লিষ্ট কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন।
পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, দীর্ঘসূত্রতা বা সাধারণ মানুষকে অযথা হয়রানি না করার বিষয়ে সতর্ক করেন।
পরবর্তীকালে ডেপুটি স্পিকার উপজেলার একটি ইউনিয়ন পরিষদ আকস্মিক পরিদর্শন করেন। সেখানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম, নাগরিক সেবা, জন্ম-মৃত্যু নিবন্ধন, বিভিন্ন সনদ প্রদান, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং স্থানীয় পর্যায়ে সরকারি সেবার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন।
এ সময় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই জনগণের প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া হয়। তাই ইউনিয়ন পরিষদকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আকস্মিক এই পরিদর্শনের মাধ্যমে সরকারি দপ্তর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাস্তব কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের এ উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
