Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গণশুনানিতে তিন অসহায় মানুষের পাশে গাজীপুরের ডিসি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম

গণশুনানিতে তিন অসহায় মানুষের পাশে গাজীপুরের ডিসি

সংগৃহীত ছবি

Advertisement

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানিতে এসে নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা জানিয়েছেন তিন অসহায় মানুষ। তাদের মধ্যে একজন দৃষ্টিপ্রতিবন্ধী, একজন শারীরিক প্রতিবন্ধী এবং অন্যজন স্ট্রোকের পর কর্মক্ষমতা হারিয়েছেন। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) গণশুনানিতে তাদের কথা শুনে প্রয়োজন অনুযায়ী সহযোগিতার উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

শ্রীপুর উপজেলার বনখরিয়া এলাকার ৩৯ বছর বয়সি মিজানুর রহমান দৃষ্টিপ্রতিবন্ধী। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করা মিজানুরের এক ছেলে ও এক মেয়ে। মেয়েটিও দৃষ্টিপ্রতিবন্ধী এবং ঢাকার জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রে অষ্টম শ্রেণিতে পড়ছে। ছেলে মাদরাসার হিফজ বিভাগে পড়ছে।

অসুস্থ মায়ের দেখাশোনার পাশাপাশি স্ত্রী-সন্তানদের দায়িত্বও মিজানুরের ওপর। কোনো জমিজমা না থাকায় সংসার চালাতে তাকে সমস্যায় পড়তে হচ্ছে। গণশুনানিতে তিনি জানান, দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় চাকরি পেতে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করতে একটি সরকারি চাকরি প্রয়োজন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজের পরিস্থিতি জানানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি।

তার কথা শুনে জেলা প্রশাসক পাশে থাকার আশ্বাস দেন। মিজানুরের মেয়েও দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার চেষ্টা করবেন বলে জানান তিনি। পাশাপাশি মিজানুর চাইলে নিজ উদ্যোগে তার জন্য চাকরির ব্যবস্থা করার কথাও বলেন জেলা প্রশাসক।

গাজীপুর মহানগরের মাষ্টারবাড়ি এলাকায় বসবাসকারী রোকসানার বাড়ি বগুড়ায়। ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে চট্টগ্রামে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় তার ডান পা এবং বাঁ হাতের তিনটি আঙুল হারান। এরপর জীবিকার জন্য ভিক্ষাবৃত্তিতে যুক্ত হন তিনি।

পরে রাজমিস্ত্রির সহকারীকে বিয়ে করেন রোকসানা। স্বামীর আয়ও ছিল অনিয়মিত। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হন। সন্তান জন্মের আগেই প্রতিপক্ষের হামলায় তার স্বামী নিহত হন। এরপর সন্তানকে মায়ের কাছে রেখে জীবিকার সন্ধানে গাজীপুরে আসেন তিনি। শারীরিক প্রতিবন্ধকতার কারণে আবারও ভিক্ষাবৃত্তিতে ফিরতে হয় তাকে।

গণশুনানিতে নিজের পরিস্থিতির কথা জানান রোকসানা। পরে জেলা প্রশাসকের উদ্যোগে গাজীপুরের কাশিমপুরের একটি পোশাক কারখানায় তার চাকরির ব্যবস্থা করা হয়।

অন্যদিকে পূবাইলের হারবাইদ এলাকার শুক্কুর আলী আগে দিনমজুর হিসেবে কাজ করতেন। প্রায় দুই বছর আগে স্ট্রোক করে কর্মক্ষমতা হারানোর পর পরিবারের দায়িত্ব পালন করতে পারছেন না তিনি। নিজের কোনো ঘর না থাকায় আশ্রয় নিয়েও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

শুক্কুরের পরিস্থিতি দেখে এক ব্যক্তি ঘর নির্মাণের জন্য কিছু জমি দিতে চেয়েছেন। তবে ঘর তৈরির সামর্থ্য না থাকায় গণশুনানিতে জেলা প্রশাসকের সহযোগিতা চান তিনি। জেলা প্রশাসক তাকে ঘর নির্মাণে সহযোগিতা করার আশ্বাস দেন।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, প্রতি বুধবার সমাজের অবহেলিত মানুষের কথা শুনি। তাদের সহযোগিতা করার চেষ্টা করি। তারা যে দুঃখ-কষ্টের কথা কাউকে বলতে পারেন না, সেগুলো শুনে ব্যবস্থা নিই।

নিজেকে জনগণের কাছে ‘গরিবের বন্ধু’ হিসেবে দেখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই। মানুষ আমাকে কীভাবে দেখবে, সেটা মানুষের বিষয়। কোনো কিছুর প্রত্যাশা নিয়ে আমি কাজ করি না। নিজের সন্তুষ্টির জন্য অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করি। তাদের যদি উপকার হয়, তাতেই আমি খুশি। মানুষের কল্যাণ হলে আমার সময়টা কাজে লাগল। আমি সন্তুষ্ট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টঙ্গীতে সুলতানা রাজিয়ার ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

টঙ্গীতে সুলতানা রাজিয়ার ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

বেহাল রাস্তায় দুর্ভোগে মানুষ, রোগী নিতে হয় খাটিয়ায়

বেহাল রাস্তায় দুর্ভোগে মানুষ, রোগী নিতে হয় খাটিয়ায়

সন্তানদের জীবন গুছিয়ে বৃদ্ধাশ্রমে হান্নান

সন্তানদের জীবন গুছিয়ে বৃদ্ধাশ্রমে হান্নান

বিয়ের প্রস্তাব ফেরানোয় কলেজ ছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার

বিয়ের প্রস্তাব ফেরানোয় কলেজ ছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার

গাজীপুরে ১৫ দিনে ১৫শ হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা

গাজীপুরে ১৫ দিনে ১৫শ হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা

প্রতিযোগিতায় প্রথম হয়ে শ্রাবন্তী বললেন, ‘মায়ের অনুপ্রেরণাতেই সাফল্য পেয়েছি’

প্রতিযোগিতায় প্রথম হয়ে শ্রাবন্তী বললেন, ‘মায়ের অনুপ্রেরণাতেই সাফল্য পেয়েছি’

আরও পড়ুন

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

টঙ্গীতে সুলতানা রাজিয়ার ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

টঙ্গীতে সুলতানা রাজিয়ার ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

রাজবাড়ীতে এক দিনে কুকুর-বিড়ালের কামড়ে আক্রান্ত ২০০

রাজবাড়ীতে এক দিনে কুকুর-বিড়ালের কামড়ে আক্রান্ত ২০০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম