বড় ভাইয়ের আধা ঘণ্টা পর ছোট ভাইয়ের মৃত্যু
Advertisement
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ পিএম
একসঙ্গে জানাজা শেষে দুই ভাইকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বড় ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার আধা ঘণ্টার মধ্যে মারা গেলেন ছোট ভাইও। পরে একসঙ্গে জানাজা শেষে দুই ভাইকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বাদ জোহর ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের হুড়ারপাড় গ্রামের ঈদগাহ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
মারা যাওয়া দুই ভাই হলেন চান্দলা ইউনিয়নের হুড়ারপাড় গ্রামের মৃত আশকর আলীর ছেলে আব্দুল জলিল মিয়া (৭৫) ও জয়নাল আবেদীন জুনু (৭০)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বড় ভাই আব্দুল জলিল। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি মারা যান।
হাসপাতালে বড় ভাইয়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে তা সহ্য করতে পারেননি ছোট ভাই জয়নাল আবেদীন। খবরটি শোনার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এর ঠিক আধা ঘণ্টা পর নিজ বাড়িতে তাঁরও মৃত্যু হয়।
তাদের ভাতিজা জসীমউদ্দীন বলেন, আমার দুই চাচার মধ্যে আজীবন গভীর মেলবন্ধন ছিল। জীবনের শুরুতে তারা দুজন একসঙ্গেই আদমজী জুট মিলে চাকরি করতেন। মিল বন্ধ হয়ে যাওয়ার পর আবার একসঙ্গেই বাড়িতে ফিরে আসেন। মৃত্যুর ক্ষেত্রেও তাদের আলাদা করা গেল না।
চান্দলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাবুদ্দিন মুরাদ বলেন, জীবদ্দশায় দুই ভাইয়ের মধ্যে অসাধারণ সম্পর্ক ছিল। একই দিনে আধা ঘণ্টার ব্যবধানে তাদের এমন প্রস্থান সত্যিই বিরল ও হৃদয়বিদারক।

-6ac78baaacc5d.jpg)