ফসলি জমিতে গলায় গামছা প্যাঁচানো তরুণীর লাশ, পাশে মিলল অটোরিকশা
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ পিএম
লালমাই থানা
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার লালমাইয়ে একটি ফসলি জমি থেকে গামছা প্যাঁচানো অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশেই পরিত্যক্ত অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর-মানুমুড়া এলাকার ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কাঁচিকাটা-হরিশ্চর বাজার পাকা সড়কের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া সংলগ্ন ফসলি জমিতে একটি সিএনজিচালিত অটোরিকশা দীর্ঘক্ষণ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কৌতূহলী লোকজন কাছে গিয়ে অটোরিকশার পাশে ফসলি জমিতে এক তরুণীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
তাৎক্ষণিকভাবে তারা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে রহস্য উদঘাটন ও লাশের পরিচয় শনাক্তের জন্য ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।
লালমাই থানার ওসি মিজানুর রহমান জানান, তরুণীর গলায় গামছা প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ও অটোরিকশাটি নির্জন ফসলি জমিতে ফেলে রেখে পালিয়েছে।
তিনি আরও জানান, তরুণীর পরিচয় শনাক্ত করতে সিআইডির ক্রাইমসিন ইউনিট কাজ করছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
