দীর্ঘদিনের রোগযন্ত্রণা সইতে না পেরে অ্যাসিড পান, যুবকের মৃত্যু
Advertisement
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর সেনবাগে রাসায়নিক পদার্থ (অ্যাসিড) পান করে দোলন কুমার বণিক (৩০) নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভোগার কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বণিকবাড়ির পাশের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত দোলন কুমার বণিক ওই গ্রামের মানিক লাল বণিকের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোলন দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন। ভারতসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও তিনি সুস্থ হননি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে বাড়ির পাশের একটি বাগানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
পুলিশের ধারণা, রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সবার অগোচরে তিনি সেখানে রাসায়নিক পদার্থ পান করেন। এতে তার পরনের কাপড়ও পুড়ে যায়। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
সেনবাগ থানার ওসি মো. হযরত আলী মিলন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

