অস্ত্রের মুখে সাবেক চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি
Advertisement
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকিরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরা ১৫-২০ জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রামনগর ইউনিয়নের রাধানগর (পশ্চিমপাড়া) গ্রামে আব্দুল কুদ্দুস ফকিরের বসতবাড়িতে ডাকাতি সংঘটিত হয়।
আব্দুল কুদ্দুস ফকির বলেন, গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাত দলটি পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে ডাকাতি চালায়। এ সময় তার ঘরে থাকা ৪২ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণালঙ্কার, ২টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল নিয়ে যায়।
তিনি বলেন, আমার মনে হয়েছে, ডাকাত দলের সদস্যদের বয়স ২০-২৫ বছরের মধ্যে হতে পারে। তাদের কাছে পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল। ঘরের স্বর্ণালঙ্কার খোঁজার জন্য তারা এক ধরনের মেশিন ব্যবহার করেছে। তালা খোলার কাজে তারা এক ধরনের পাউডার ব্যবহার করেছে।
এ বিষয়ে নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত পরিবারকে মামলা দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।
