চট্টগ্রামে যুবকের কাছে মিলল ৫ কোটি টাকার স্বর্ণ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম
আকবরশাহ থানা
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণসহ সুধীর কুমার ধর (৪১) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসব স্বর্ণের বাজার মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নগরীর আকবরশাহ থানার সিটি গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার সুধীর কুমার ধর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার দক্ষিণ বণিকপাড়ার ননী গোপাল ধরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে চোরাই স্বর্ণসহ সুধীর কুমার ধরকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং সেই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।’
