Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি নেতার ঘাটে বালু উত্তোলনে বাধা, জামায়াত কার্যালয়ে হামলা-ভাঙচুর

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

বিএনপি নেতার ঘাটে বালু উত্তোলনে বাধা, জামায়াত কার্যালয়ে হামলা-ভাঙচুর

ছবি: সংগৃহীত

Advertisement

কুষ্টিয়ায় সরকারি ইজারা নেওয়া বিএনপি নেতার বালুমহালে বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ১৫ নম্বর ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী ও শহর শাখার ইউনিট সদস্য শাজাহান আলীর বাড়িতেও হামলা ও গুলিবর্ষণ করা হয়। 

এতে জামায়াতের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা ও পাঁচটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার পর কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- জুগিয়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, ইউনুস আলী ও লাল মিয়া। তারা সবাই জামায়াতের স্থানীয় নেতাকর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গড়াই নদী থেকে বালু উত্তোলন ও পরিবহণ নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বালুর ব্যবসার সঙ্গে যুক্ত বিএনপি নেতাদের কাছে শাজাহান আলী চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে তিনি বালুবোঝাই ট্রাক চলাচল বন্ধ করে দেন।

শাজাহান আলীর স্ত্রী ফাতেমা পারভীন বলেন, এশার নামাজের পর তারা সবাই বাড়িতে বসে ছিলেন। কার্যালয়েও কয়েকজন নেতাকর্মী ছিলেন। হঠাৎ কয়েকশ লোক এসে হামলা চালান। তারা ভাঙচুরের পাশাপাশি গুলি ছুড়তে থাকেন। এ সময় পরিবারের সদস্যরা ঘরের একটি কক্ষে আটকে ছিলেন। কেউ কেউ ছাদে গিয়ে আশ্রয় নেন।

হামলায় স্থানীয় বিএনপির লোকজন জড়িত দাবি করে শাজাহান আলীর বড় ভাই আবদুর রাজ্জাক বলেন, হামলাকারীদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তারা ব্যক্তিগত কার্যালয়ের ভেতরে থাকা নেতাকর্মীদের মারধর করেন। এতে পাঁচজন আহত হন।

জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, অতিরিক্ত বালুবোঝাই ডাম্প ট্রাক দিনরাত ২৪ ঘণ্টা চলাচল করায় এলাকার সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি হচ্ছে। কয়েক দিন আগে কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ওই এলাকায় গিয়ে ট্রাক চলাচল বন্ধ করে দেন। এতে বিএনপির লোকজন ক্ষুব্ধ হন।

জামায়াতের কাউন্সিলর প্রার্থী শাজাহান আলী দাবি করেন, বালুমহালটি সরকারিভাবে ইজারা নেন আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলাম। ২০২৪ সালের ৫ আগস্টের পর কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু ওই আওয়ামী লীগ নেতার কাছ থেকে মালিকানা পরিবর্তন করে নেন। কয়েক দিন ধরে সেখানে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন চলছিল। অতিরিক্ত বালু উত্তোলনের কারণে এলাকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এবং সামাজিক পরিবেশ বিপর্যস্ত হওয়ায় সম্প্রতি এলাকাবাসী রাস্তাটি বন্ধ করে দেন।

তবে বিএনপি নেতারা দাবি করেছেন, কয়েক দিন ধরে ওই বালুমহালে জামায়াত নেতা শাজাহান আলী চাঁদা দাবি করে আসছিলেন। তিনি প্রতিদিন ৫০ হাজার টাকা দাবি করেন। বালুমহালের পক্ষ থেকে তাকে প্রতিদিন ২০ হাজার টাকা দিতে সম্মত হওয়া হয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে তিনি বালুমহালটি বন্ধ করে দেন। ফলে গত কয়েক দিন ধরে বালুমহালটি বন্ধ রয়েছে।

স্থানীয় বিএনপির কয়েকজন কর্মীর অভিযোগ, আগে শাজাহান আলী প্রতিদিন ৩০ হাজার টাকা করে চাঁদা নিতেন। এখন তিনি ৫০ হাজার টাকা দাবি করছেন। চাঁদা না পেয়ে তিনি ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছেন।

হামলার অভিযোগের বিষয়ে কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু বলেন, ওই এলাকার ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

ঘটনাস্থল থেকে গুলির সাতটি খোসা ও পাঁচটি তাজা গুলি উদ্ধারের কথা জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন। তিনি বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সেখান থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুলিবিদ্ধ কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা

পরিচয়হীন অবস্থায় এসেছিলেন কুষ্টিয়ায়, পাঁচ বছর পর ফিরছেন নেপালে

পরিচয়হীন অবস্থায় এসেছিলেন কুষ্টিয়ায়, পাঁচ বছর পর ফিরছেন নেপালে

৫ বছর পর পরিবারের কাছে ফিরছেন নেপালি যুবক রিয়ান

৫ বছর পর পরিবারের কাছে ফিরছেন নেপালি যুবক রিয়ান

বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, গুরুতর আহত ২

বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, গুরুতর আহত ২

‘আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না— ২ টাকা করে খাবেন’

আমির হামজাকে ঘুসের প্রস্তাব ‘আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না— ২ টাকা করে খাবেন’

আরও পড়ুন

সিলেট বিমানবন্দরে ফ্লাইটে গোয়েন্দা সংস্থার তল্লাশি

সিলেট বিমানবন্দরে ফ্লাইটে গোয়েন্দা সংস্থার তল্লাশি

বিএনপি নেতার ঘাটে বালু উত্তোলনে বাধা, জামায়াত কার্যালয়ে হামলা-ভাঙচুর

বিএনপি নেতার ঘাটে বালু উত্তোলনে বাধা, জামায়াত কার্যালয়ে হামলা-ভাঙচুর

গ্রেফতারের খবরে থানায় হাজির হয়ে চীনা যুবককে ‘স্বামী’ দাবি একাধিক নারীর

গ্রেফতারের খবরে থানায় হাজির হয়ে চীনা যুবককে ‘স্বামী’ দাবি একাধিক নারীর

টুঙ্গিপাড়া থানায় আগুন, মামলার আসামি ৮ হাজার

টুঙ্গিপাড়া থানায় আগুন, মামলার আসামি ৮ হাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম