বরিশালে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বরিশাল ব্যুরো ও বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলী আকবর সুপন (২৪) ও মাহতাব (২৮)। তারা দুজনই পেশায় শ্রমিক ছিলেন। আলী আকবরের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়; তার বাবার নাম ফিরোজ আলম। অপর নিহত মাহতাবের পূর্ণ ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত আলী আকবরের দুলাভাই দাউদ জানান, আলী আকবর ও মাহতাব একসঙ্গে কাজ করতেন। তারা বরিশাল হয়ে লেবুখালীর দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বটতলা এলাকায় পটুয়াখালী ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফা জানান, দুর্ঘটনার পরপরই আহত দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন।
