সাতক্ষীরায় আদালত ও ডিসি কার্যালয়ের ক্যান্টিনের চালে ফের বিস্ফোরণ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম
সাতক্ষীরায় আদালত ও ডিসি কার্যালয়ের ক্যান্টিনের চালে ফের বিস্ফোরণ
|
ফলো করুন |
|
|---|---|
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরসংলগ্ন জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ক্যান্টিনের টিনের চালে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
চার দিনের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বার এ ধরনের ঘটনায় আদালতপাড়া ও ডিসি অফিস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকাল ৪টার দিকে ক্যান্টিনের টিনের চালার উপর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্যান্টিনের পাশের চায়ের দোকানদার ইলিয়াস হোসেন জানান, ওই সময় এলাকায় মানুষের বেশ আনাগোনা ছিল। হঠাৎ ক্যান্টিনের চালার উপর বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
তবে ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের বিষয়টি অস্বীকার করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, সেখানে ককটেল নয়, পটকা ফোটানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, এর আগে গত ২৬ নভেম্বর একই ক্যান্টিনের টিনের চালে ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে সেটি বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে কালো স্কচটেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করে পুলিশ। অল্প সময়ের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বার বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
