ত্বকের বয়সের ছাপ কমাতে কোলাজেন নাকি রেটিনল, কোনটি বেশি কার্যকর?
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বয়স বাড়ার সঙ্গে ত্বকে বলিরেখা, শুষ্কতা, স্থিতিস্থাপকতা কমে যাওয়া ও ত্বকের রং অসমান হওয়ার মতো পরিবর্তন দেখা দিতে পারে। এসব সমস্যা কমাতে ত্বকের যত্নে কোলাজেন ও রেটিনলের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। তবে দুটি উপাদান একইভাবে কাজ করে না। বিশেষজ্ঞদের মতে, সূক্ষ্ম বলিরেখা কমানো, ত্বকের গঠন উন্নত করা ও ব্রণের সমস্যা নিয়ন্ত্রণে রেটিনলের কার্যকারিতার পক্ষে তুলনামূলকভাবে শক্তিশালী বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে। অন্যদিকে, মুখে খাওয়ার কোলাজেন পরিপূরক ত্বকের আর্দ্রতা ও স্থিতিস্থাপকতা বাড়াতে সহায়তা করতে পারে।
স্বাস্থ্যবিষয়ক সাময়িকী হেলথ-এ প্রকাশিত প্রতিবেদনে চর্মরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ত্বকের সমস্যার ধরন অনুযায়ী কোলাজেন ও রেটিনলের ব্যবহার নির্ধারণ করা উচিত। প্রয়োজনে দুটি উপাদানই ত্বকের যত্নের রুটিনে রাখা যেতে পারে।
কোলাজেন কীভাবে কাজ করে?
কোলাজেন হলো ত্বকের একটি গুরুত্বপূর্ণ কাঠামোগত প্রোটিন। এটি ত্বকের দৃঢ়তা ও নমনীয়তা বজায় রাখতে ভূমিকা রাখে। বয়স বাড়ার সঙ্গে শরীরে কোলাজেনের উৎপাদন কমতে থাকায় ত্বকে বলিরেখা ও শিথিলতা দেখা দিতে পারে।
মুখে খাওয়ার কোলাজেন পরিপূরক শরীরে ভেঙে ছোট উপাদানে পরিণত হয়, যা শরীর বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে। কিছু গবেষণায় নিয়মিত কোলাজেন গ্রহণের সঙ্গে ত্বকের আর্দ্রতা ও স্থিতিস্থাপকতা বৃদ্ধির সম্পর্ক পাওয়া গেছে। তবে এর কার্যকারিতা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।
অন্যদিকে, ত্বকে সরাসরি ব্যবহার করা কোলাজেনযুক্ত প্রসাধনী মূলত আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। কোলাজেনের অণু বড় হওয়ায় তা ত্বকের গভীরে প্রবেশ করে নিজস্ব কোলাজেনের ঘাটতি পূরণ করতে পারে— এমন প্রমাণ নেই।
রেটিনল কীভাবে কাজ করে?
রেটিনল হলো ভিটামিন এ-এর একটি রূপ, যা ত্বকের যত্নে ব্যবহৃত হয়। ত্বকে প্রয়োগের পর এটি রেটিনয়িক অ্যাসিডে রূপান্তরিত হয়ে ত্বকের কোষের কার্যক্রমে প্রভাব ফেলে। এতে ত্বকের কোষের পুনর্নবীকরণে সহায়তা হয় এবং কোলাজেন উৎপাদন বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, সূক্ষ্ম বলিরেখা, রোদে ক্ষতিগ্রস্ত ত্বক, অসমান রং, খসখসে ভাব ও ব্রণ নিয়ন্ত্রণে রেটিনল উপকারী হতে পারে। তবে শুরুতে এটি ব্যবহারে ত্বক শুষ্ক হওয়া, লালচে ভাব, জ্বালাপোড়া ও চামড়া ওঠার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
কোন সমস্যায় কোনটি উপযোগী?
বলিরেখা ও ত্বকের গঠন উন্নত করতে রেটিনলের পক্ষে বেশি প্রমাণ রয়েছে। ত্বকের আর্দ্রতা ও স্থিতিস্থাপকতা বাড়ানোর জন্য মুখে খাওয়ার কোলাজেন পরিপূরক বিবেচনা করা যেতে পারে। আবার ত্বকের দৃঢ়তা বাড়ানোর লক্ষ্য থাকলে বিশেষজ্ঞের পরামর্শে দুটি উপাদানই ব্যবহার করা সম্ভব।
তবে গর্ভাবস্থায় বা গর্ভধারণের পরিকল্পনা থাকলে রেটিনল ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। ত্বকে সংবেদনশীলতা থাকলেও ব্যবহারের আগে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোলাজেন গ্রহণের ক্ষেত্রে ত্বকের আর্দ্রতায় পরিবর্তন দেখতে প্রায় চার সপ্তাহ এবং স্থিতিস্থাপকতায় পরিবর্তন দেখতে আট থেকে ১২ সপ্তাহ লাগতে পারে। রেটিনলেও প্রায় চার সপ্তাহে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, তবে ভালো ফল পেতে আরও বেশি সময় প্রয়োজন হতে পারে।

-6ae1b5c31223d.jpg)