‘রকি’র ৫০ বছর পূর্তিতে গিনেস রেকর্ড গড়লেন ৫৭০ ভক্ত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘রকি’র ৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন শত শত ভক্ত। চলচ্চিত্রটির প্রধান চরিত্র রকি বালবোয়ার সাজে সবচেয়ে বেশি মানুষের সমাগমের নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তারা।
শুক্রবার ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্টের বিখ্যাত সিঁড়িতে এ আয়োজন করা হয়।
এদিন মোট ৫৭০ জন রকির সাজে অংশ নেন। এর মধ্য দিয়ে আগের ২৫০ জনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন তারা। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির ৫০ বছর পূর্তি উপলক্ষে শহরজুড়ে আয়োজিত ‘রকি সিজন’ উদযাপনের অংশ ছিল এই আয়োজন।
অংশগ্রহণকারীরা রকির পরিচিত পোশাক ধূসর রঙের ট্র্যাকস্যুট, কালো টুপি ও বক্সিং গ্লাভস পরে হাজির হন। কেউ কেউ বক্সারের মতো হাতও ব্যান্ডেজ দিয়ে মুড়িয়ে নেন। চলচ্চিত্রে সিলভেস্টার স্ট্যালোনের অভিনীত চরিত্র রকি বালবোয়ার প্রশিক্ষণের দৃশ্যের পোশাকের আদলে তৈরি হয়েছিল তাদের সাজ। আয়োজকদের পক্ষ থেকে কয়েকজনকে বিনা মূল্যে পোশাক দেওয়া হলেও অনেকে নিজেরাই পোশাক সংগ্রহ করেন।
মিসৌরি থেকে আসা আমান্ডা লারসেন বলেন, ‘ফিলাডেলফিয়া ছাড়া অন্য কোথাও রকির আবহ পাওয়া সম্ভব নয়। কাজটি করতে হলে এখানেই আসতে হবে।
অংশগ্রহণকারী পিটার সিরিনা বলেন, আমি রকি ভালোবাসি এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে চাই।
টাইলার ব্যাট জানান, ছোটবেলা থেকেই তিনি রকি সিনেমাগুলো দেখে বড় হয়েছেন। তার মা এই চলচ্চিত্রের বড় ভক্ত। মায়ের উৎসাহেই তিনি আয়োজনে অংশ নিয়েছেন।
অ্যালেনটাউন থেকে আসা নাথান নাউরথ কুস্তি খেলার সময়ের পুরোনো টেপ দিয়ে হাত মুড়িয়ে রকির সাজ সম্পূর্ণ করেন। তিনি বলেন, রকির মতো বক্সিংয়ের জন্য হাত মুড়তে পুরোনো টেপ ব্যবহার করেছেন। ছোটবেলায় প্রথম পাঁচটি রকি সিনেমা দেখে চরিত্রটির লড়াই করার মানসিকতা থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি।
ফ্লোরিডা থেকে আসা জেসন ও মলি গ্রিনস্প্যানও এ আয়োজনে অংশ নেন। জেসন বলেন, ৫০ বছর পূর্তি উপলক্ষে ইতিহাসের অংশ হতে পারাটা সত্যিই দারুণ।
এদিকে রকির ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবারের আয়োজন ছাড়াও নানা কর্মসূচি ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে রকির ভাস্কর্য পুনরায় উন্মোচনের অনুষ্ঠান স্থগিত এবং ফিলি পপসের কনসার্ট বাতিল করা হয়।
সূত্র: নিউজ মিয়ামি

