পারিশ্রমিক নয়, অভিনয়ের জন্য উলটো খরচ করেছেন তৌসিফ
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাইক হাতে র্যাম্পে নামতেই মুখের কথা হারিয়ে গিয়েছিল। অভিনয়ের প্রথম দিনেও একটি দৃশ্যের জন্য নিতে হয়েছিল ২৬-২৭ টেক। পর্দার রোমান্টিক নায়ক তৌসিফ মাহবুবের শুরুটা ছিল এমনই হোঁচটে ভরা। সেসব দিন থেকেই এখন কাজ নিয়ে বেশ সতর্ক তিনি, নিজেই নিজের সবচেয়ে কড়া সমালোচক। সম্প্রতি ক্যামেরার আড়ালের সেই গল্পই শুনিয়েছেন এ অভিনেতা। জানিয়েছেন, অভিনেতা হওয়ার ইচ্ছাই ছিল না তার। স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, বিএসসিও শেষ করেছেন। তবে পড়তে পড়তেই বুঝতে পারেন, এটি তার মনের কাজ নয়। মন গেল গানে। নিজের ব্যান্ড নিয়ে প্রায় ১০০টি কনসার্টে অংশ নিয়েছেন। কণ্ঠশিল্পী নয়, শিল্পীর পেছনে, হাতে গিটার আর বেজ।
এরপর কিছুদিন র্যাম্পে হাঁটা। চার-পাঁচটি শোর পর বন্ধু নাবিলা ডাকলেন বড় এক ফ্যাশন শোতে, হাঁটার সঙ্গে সঞ্চালনাও করতে হবে। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলের বিশাল বলরুমে মাইক হাতে নামতেই মঞ্চভীতিতে জমে গেলেন তৌসিফ। শব্দ বেরোয় না। শেষমেশ সহ-সঞ্চালক এসে সামাল দেন। তৌসিফ বলেন, ‘স্টেজের মাঝখানে দাঁড়িয়ে সেদিনই প্রথম বুঝেছি, মঞ্চভীতি আসলে কী জিনিস।’
২০১৩ সালে ‘অলটাইম দৌড়ের উপর’ নাটকে আলোচনায় আসেন তিনি। প্রথম দিনের শুটিংয়ে শবনম ফারিয়ার সঙ্গে ফোনে কথা বলতে বলতে বারান্দায় বেরোনোর দৃশ্যে বারবার ডায়লগ গুলিয়ে যাচ্ছিল। তৌসিফ জানান, শুরুতে এমন ভুল হলেও এখন তিনি নিজের কাজ নিয়ে অনেক সতর্ক। ‘আমি নিজেই নিজের সবচেয়ে বড় সমালোচক’-বলেন এ অভিনেতা।
তৌসিফ জানান, একবার একটি নাটকের শুটিং হয়েছে তার জন্মস্থান ভোলায়। যাওয়ার পথে লঞ্চে চাঁদপুরের কাছে ট্রলারের ধাক্কায় বড় ঝাঁকুনি। সেদিন ভয়ে সিটিয়ে গিয়েছিলেন নবাগত সহ-শিল্পী মালাইকা চৌধুরী। এখন তা-ই মজার স্মৃতি। মালাইকা ও কেয়া পায়েলের সঙ্গে স্ক্রিন ভাগাভাগিকে দারুণ অভিজ্ঞতার কথা এভাবেই বলছেন তিনি।
পর্দায় যিনি এত রোমান্টিক, ঘরে তিনি একেবারে অন্য মানুষ। তৌসিফ বলেন, ‘বাস্তবে আমি খুবই রোবটিক। সারাক্ষণ কাজ আর কাজের চিন্তা নিয়েই থাকি।’ স্ত্রী তার ঠিক উলটো, প্রাণবন্ত ও মানবিক। অভিনেতা জানান, ১৩-১৪ বছর আগে অভিনয়জীবনের শুরুতেই দুজনের পরিচয়, তারপর প্রেম ও বিয়ে।
অভিনয় ক্যারিয়ারে এখনকার গল্প অবশ্য অন্যরকম বলে জানিয়েছেন তৌসিফ। হোঁচট দিয়ে শুরু হলেও পথটা সহজ ছিল না আরও অনেক দিক থেকে। ক্যারিয়ারের শুরুতে বিনা পারিশ্রমিকে, এমনকি পকেটের টাকা খরচ করেও অভিনয় করেছেন। তবু ভবিষ্যৎ নিয়ে তার ভাবনা পরিষ্কার। তিনি বলেন, ‘টাইপকাস্ট হওয়ার ভয়ে আমি বাঁচি না। মন খুলে কাজ করতে ভালোবাসি।’ অভিনয় দিয়েই আজীবন দর্শকের মনে বেঁচে থাকার ইচ্ছা এ অভিনেতার।
