ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার অবনতি
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। চিকিৎসায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন। সারা শরীরে ব্যথার কারণে থমকে গেছে সুস্থতার অগ্রগতি। কথা বলছেন না বললেই চলে। প্রয়োজন ছাড়া কারও সঙ্গে কথাও বলছেন না। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এ অভিনেতার শারীরিক অবস্থার কথা এভাবেই বর্ণনা করেছেন অভিনেতার সহযোদ্ধা নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের মহাসচিব লিটন এরশাদ। ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে। বর্তমানে তিনি মেয়ের জামাতা আরিফুল ইসলামের বাসায় রয়েছেন। তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে লিটন এরশাদ বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ভাইয়ের শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে। মাঝে যে সুস্থ হয়ে উঠছিলেন হঠাৎ করে সেই পরিস্থিতিটা বদলে গেছে। সারা শরীরে ব্যথার কারণে শারীরিক উন্নতি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে আবার।’
এদিকে কথা বলার অবস্থাও খুব একটা ভালো নয় এ অভিনেতার। প্রয়োজন ছাড়া কথা বলতে চান না তিনি। তবে একেবারেই কথা বলতে পারেন না, বিষয়টি এমনও নয়। কেউ কিছু জানতে চাইলে কখনো কখনো সংক্ষিপ্ত উত্তর দেন। ইলিয়াস কাঞ্চনের কথা বলার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে লিটন এরশাদ বলেন, ‘না, কথা বলেন না। তবে একেবারেই যে কথা বলতে পারেন না, তাও নয়। যদি কেউ বলেন, পানি দেব? তিনি হয়তো বলেন, দাও। কিন্তু সাধারণত কথা বলার চেষ্টা করেন না। খুব দরকার না হলে কথা বলেন না।’
তিনি আরও জানান, অস্ত্রোপচারের আগেই কথা বলা বন্ধ করে দিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। চিকিৎসকদের মতে, সুস্থ হয়ে উঠতে তার আরও সময় লাগবে। এ অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, ঢাকাই সিনেমার সোনালি সময়ের অন্যতম জনপ্রিয় মুখ ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তার অভিনীত ‘বেদের মেয়ে জোসনা’ বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমা হিসাবে জায়গা করে নিয়েছে। শুধু অভিনয় নয়, সামাজিক আন্দোলনেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারানোর পর নিরাপদ সড়কের দাবিতে গড়ে তোলেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন। দীর্ঘদিন ধরে এ সংগঠনের মাধ্যমে সড়কে নিরাপত্তা ও সচেতনতা তৈরিতে কাজ করছেন তিনি। সাংস্কৃতিক অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদক।
