Logo
Logo
×

Advertisement

খেলা

সাক্ষাৎকার ভাইরাল, রাফিনিয়াকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন ব্রাজিলিয়ানরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

সাক্ষাৎকার ভাইরাল, রাফিনিয়াকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন ব্রাজিলিয়ানরা

সংগৃহীত

Advertisement

বার্সেলোনার জার্সিতে দুর্দান্ত সময় কাটছে রাফিনিয়ার। কিন্তু ব্রাজিলের জার্সিতে তাকে নিয়ে প্রশ্নের শেষ নেই। এর মধ্যে জাতীয় দলের হয়ে খেলার সময় নিয়ন্ত্রণের পরামর্শ দিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন এই ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে বলছেন ‘দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করেছেন। তবে পুরো বক্তব্য শুনলে ছবিটা অন্য রকম।

সম্প্রতি বার্সেলোনার অফিসিয়াল চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে খেলোয়াড়দের মাঠে নামানোর সময় নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। তার বক্তব্য ছিল, খেলোয়াড়দের অতিরিক্ত ক্লান্তি এড়াতে তাদের খেলার সময় ঠিকভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কিন্তু সাক্ষাৎকারের ছোট একটি অংশ ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোতে প্রকাশিত এক লেখায় সাংবাদিক ডগলাস সেকোনেল্লো বিষয়টি তুলে ধরেছেন। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে রাফিনিয়ার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। অনেকে মনে করেছেন, ব্রাজিলের জার্সিতে খেলতে আগ্রহী নন এই ফরোয়ার্ড। এমনকি তাকে ‘দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করার অভিযোগও শুনতে হয়েছে।

অথচ পুরো সাক্ষাৎকার শুনলে বোঝা যায়, রাফিনিয়া মূলত চোটের ঝুঁকি নিয়ে কথা বলেছেন। তার মতে, খেলোয়াড়েরা চোটে পড়লে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে জাতীয় দলই।

শনিবার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের অধিনায়কের দায়িত্বও পালন করেছেন রাফিনিয়া। চোটের কারণে খেলতে পারেননি মারকিনিওস। তার অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যান্ড ওঠে রাফিনিয়ার হাতে। এতে বোঝা যায়, বিতর্কের প্রভাব ব্রাজিলের কোচিং স্টাফের ওপর পড়েনি।

জাতীয় দলের ক্যাম্পে থাকতে বার্সেলোনার পরিকল্পনার বিরুদ্ধেও সিদ্ধান্ত নিয়েছিলেন রাফিনিয়া। ক্লাব চেয়েছিল আন্তর্জাতিক বিরতির সময় তার অস্ত্রোপচার করাতে। কিন্তু জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে আগেই অস্ত্রোপচার করিয়ে নেন তিনি।

সেকোনেল্লো লিখেছেন, ‘শুক্রবারের সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছেন রাফিনিয়া। কার্লো আনচেলত্তির সঙ্গে তার আলোচনার কথা বলেছেন। একই সঙ্গে জানিয়েছেন, শারীরিক অবস্থা যতক্ষণ অনুমতি দেবে, ততক্ষণ তিনি “যতটা সম্ভব প্রতিটি মিনিট” মাঠে খেলতে চান।’

তবে ব্রাজিলের জার্সিতে রাফিনিয়ার পারফরম্যান্স নিয়ে আলোচনার জায়গা আছে বলেও মনে করেন এই সাংবাদিক। ক্লাবের হয়ে যে মানের ফুটবল খেলেন, জাতীয় দলের হয়ে এখনো সেই মান দেখাতে পারেননি তিনি।

এ বিষয়ে সেকোনেল্লোর বক্তব্য, ‘তা সত্ত্বেও জাতীয় দলের হয়ে রাফিনিয়ার অভিজ্ঞতা নিয়ে কিছু প্রশ্ন থেকেই যায়। ক্লাবের হয়ে তিনি যে মানের ফুটবল খেলেন, ব্রাজিলের হয়ে এখনো তা দেখাতে পারেননি। বার্সেলোনার জার্সিতে তার পারফরম্যান্স আর ব্রাজিলের হয়ে তার খেলার মধ্যে এই পার্থক্য নিয়ে ফুটবলীয় আলোচনা হতে পারে। তবে গত বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতার জন্য তাকে দায়ী করা ন্যায্য হবে না। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই চোটে পড়েছিলেন তিনি। এরপর পুরো টুর্নামেন্টে আর খেলতে পারেননি।’

তবে রাফিনিয়াকে নিয়ে অতিরিক্ত সন্দেহের সুযোগ নেই বলে মনে করেন সেকোনেল্লো। তার মতে, আনচেলত্তির সামনে এখন আরও গুরুত্বপূর্ণ কিছু সমস্যা রয়েছে। সেগুলো সমাধান করাই ইতালিয়ান কোচের প্রধান কাজ।

তিনি লিখেছেন, ‘কিন্তু বর্তমানে বিশ্বের অন্যতম সেরা একজন খেলোয়াড়কে নিয়ে প্রশ্ন তোলার বিলাসিতা ব্রাজিলের নেই। বিশেষ করে সামনের ম্যাচগুলোর আগে আনচেলত্তির সামনে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। বার্সেলোনায় রাফিনিয়ার বর্তমান পারফরম্যান্স এবং ভূমিকা বিবেচনায় তিনি ইতালিয়ান কোচের পরিকল্পনায় অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন। খেলার সময় নিয়ন্ত্রণ নিয়ে তার বক্তব্যকে জাতীয় দলের ভেতরে সংকট হিসেবে দেখার কোনো প্রয়োজন নেই।’

আনচেলত্তিও রাফিনিয়ার গুরুত্ব বুঝতে পারছেন। বার্সেলোনায় হান্সি ফ্লিকের অধীনে নতুন ভূমিকায় খেলছেন এই ফরোয়ার্ড। মাঠের আরও ভেতরে খেলছেন তিনি। এতে তার আক্রমণাত্মক দক্ষতা আরও ভালোভাবে কাজে লাগছে। চলতি মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ১৪ ম্যাচে করেছেন ১৯ গোল।

তবে বার্সেলোনার এই পারফরম্যান্স জাতীয় দলে ধরে রাখা সহজ নয়। কারণ, দুই দলের খেলার ধরনে পার্থক্য আছে। বার্সেলোনা বলের নিয়ন্ত্রণ ধরে রেখে পরিকল্পিতভাবে আক্রমণ সাজায়। ব্রাজিল তুলনামূলক দ্রুতগতির ফুটবল খেলে। অনেক সময় আক্রমণে তাড়াহুড়াও দেখা যায়। তাই ক্লাবের মতো জাতীয় দলেও রাফিনিয়াকে কার্যকর করতে হলে কৌশলগত পরিবর্তন প্রয়োজন।

সেকোনেল্লোর মতে, ‘আনচেলত্তি যখন প্রতিদ্বন্দ্বিতা করার মতো একটি দল গড়ার চেষ্টা করছেন, তখন প্রসঙ্গের বাইরে নেওয়া একটি বক্তব্যের কারণে রাফিনিয়াকে নতুন সমস্যা হিসেবে দাঁড় করানো কোনো কাজে আসবে না। বরং তার সামর্থ্য কাজে লাগাতে হবে। জাতীয় দলের খেলার ধরন তার গুণের সঙ্গে মানিয়ে নিতে হবে। একই সঙ্গে তার শারীরিক অবস্থার দিকেও নজর রাখতে হবে। তার খেলার ইচ্ছা নিয়ে প্রশ্ন তোলা কিংবা তার গুরুত্ব কমিয়ে দেখার কোনো কারণ নেই। ইতালিয়ান কোচের সামনে অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে। তাই খেলার সময় নিয়ে বিতর্ক তৈরি করার চেয়ে আক্রমণভাগের অন্যতম সেরা খেলোয়াড়কে কীভাবে কাজে লাগানো যায়, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।’

ব্রাজিলের সামনে এখন চ্যালেঞ্জ শুধু একটি দল গড়া নয়। রাফিনিয়ার মতো তারকার সামর্থ্যও ঠিকভাবে কাজে লাগানো। সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েক সেকেন্ডের ভিডিও দিয়ে একজন খেলোয়াড়ের দেশপ্রেম কিংবা জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা বিচার করা কতটা যুক্তিসংগত, সেই প্রশ্নও রেখে যাচ্ছে এই বিতর্ক। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আনচেলত্তিকে ‘জিনিসপত্র গুছিয়ে চলে যেতে’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

আনচেলত্তিকে ‘জিনিসপত্র গুছিয়ে চলে যেতে’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

২০ মিনিটেই ২ গোল খেল ব্রাজিল

২০ মিনিটেই ২ গোল খেল ব্রাজিল

ব্রাজিলের হয়ে খেলা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন রাফিনিয়া

ব্রাজিলের হয়ে খেলা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন রাফিনিয়া

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে কে, জানালেন আনচেলত্তি

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে কে, জানালেন আনচেলত্তি

ফিফার নভেম্বর উইন্ডোয় কার বিপক্ষে খেলবে ব্রাজিল? ম্যাচ কবে?

ফিফার নভেম্বর উইন্ডোয় কার বিপক্ষে খেলবে ব্রাজিল? ম্যাচ কবে?

আরও পড়ুন

সাক্ষাৎকার ভাইরাল, রাফিনিয়াকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন ব্রাজিলিয়ানরা

সাক্ষাৎকার ভাইরাল, রাফিনিয়াকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন ব্রাজিলিয়ানরা

তালেবানের নতুন নিষেধাজ্ঞা, এবার রেডিওতে ক্রিকেটও বন্ধ!

তালেবানের নতুন নিষেধাজ্ঞা, এবার রেডিওতে ক্রিকেটও বন্ধ!

১১ বছর পর মাঠে নেমেই ‘জিতলেন’ রোনালদিনিও

১১ বছর পর মাঠে নেমেই ‘জিতলেন’ রোনালদিনিও

দিনের শেষ বলে আউট হৃদয়, ‘দুর্ভাগ্যজনক’ বললেন তামিম

দিনের শেষ বলে আউট হৃদয়, ‘দুর্ভাগ্যজনক’ বললেন তামিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম