কুলিয়ারচরে যুবক, সালথায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের সালথা এবং কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে সালথায় লিচু পাড়া নিয়ে বৃদ্ধ এবং কুলিয়ারচরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবক হত্যার শিকার হয়েছেন। বুধবার সন্ধ্যায় ও রাতে এসব হত্যাকাণ্ড ঘটে। ব্যুরোর পাঠানো খবর-
ফরিদপুর : হত্যার শিকার লিচুবাগানের মালিক আজিজুল মোল্যা ফুলবাড়িয়া গ্রামের গুপিনগরপাড়ার মৃত মানো মোল্যার ছেলে। উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এই বৃদ্ধ হামলার শিকার হন। আজিজুলকে হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিকালে বাগান থেকে লিচু পাড়ার সময় পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সীর ছেলে সাকিল মুন্সী ও তুষার মুন্সীকে বাধা দেন আজিজুলের ছেলে আকরাম মোল্যা। এ সময় আকরামকে মারধর করেন তারা। সন্ধ্যায় আজিজুল বাজারে গিয়ে ছেলেকে মারধরের বিষয়টি জানতে চাইলে তার ওপর হামলা চালায় তুষার, সাকিলসহ পরিবারের লোকজন। মারধরে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বৃদ্ধ আজিজুল।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।
কিশোরগঞ্জ : হত্যার শিকার হানিফ মিয়া ফরিদপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে এ হত্যাকাণ্ড। রাতে বাড়ির সামনে বসে ছিলেন হানিফ। এ সময় মাদক ব্যবসায়ী জাকির হোসেনসহ কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হানিফকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হানিফের। পরে অভিযুক্তরা হানিফের লাশ বাড়ির সামনে এনে ফেলে রেখে যায়। এদিকে হানিফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা জাকিরের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। জাকিরের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে, জানিয়েছে পুলিশ।
কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন জানান, পাঁচজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
