বিএনপির কঠোর নির্দেশনা
আ.লীগ নেতাকর্মীদের সহায়তা করলে সাংগঠনিক ব্যবস্থা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয়, গ্রেফতার হওয়াদের ছাড়িয়ে আনতে তদবির কিংবা অন্যভাবে সহযোগিতা করলে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পদ-পদবি বা রাজনৈতিক প্রভাব বিবেচনা না করেই সংশ্লিষ্টদের দল থেকে বহিষ্কার করা হতে পারে। সম্প্রতি কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা ও নাশকতার আশঙ্কার মধ্যে দলীয় শৃঙ্খলা রক্ষায় এমন অবস্থান নিয়েছে দলটি।
মঙ্গলবার বিএনপির তিনজন সাংগঠনিক সম্পাদক ও দুজন যুগ্ম মহাসচিব যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীর সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে। দলীয় পরিচয় বা পদ ব্যবহার করে তাদের সহযোগিতা করলে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে সহযোগিতা করা হবে।’
বিএনপির একটি সূত্র জানায়, ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ের কিছু নেতা আওয়ামী লীগ নেতাকর্মীদের সহযোগিতা করছেন-এমন বেশ কিছু অভিযোগ কেন্দ্রে এসেছে। অভিযোগে বলা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি আর্থিক বা অন্য সুবিধার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন। কেউ কেউ গ্রেফতার ব্যক্তিদের ছাড়িয়ে আনতে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তদবিরও করছেন। এসব অভিযোগ যাচাই-বাছাই করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দলের নেতারা মনে করছেন, কেউ বিএনপির পরিচয় ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা করলে তা দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগকেও প্রশ্নবিদ্ধ করতে পারে।
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল যুগান্তরকে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপির কেউ সহযোগিতা করছেন-এমন অভিযোগ পেলে গুরুত্বের সঙ্গে দেখা হবে। দলের কেউ তাদের আশ্রয় দিলে, গ্রেফতার ব্যক্তিদের ছাড়ানোর জন্য তদবির করলে কিংবা অন্য কোনোভাবে সহায়তা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বহিষ্কারও করা হতে পারে। এ বিষয়ে তৃণমূল পর্যায়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন যুগ্ম মহাসচিব বলেন, ‘কেউ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তায় জড়িত থাকলে দল তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে। সংঘাত না বাড়িয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’
সূত্র জানায়, ডিসেম্বর সামনে রেখে আওয়ামী লীগের সম্ভাব্য সাংগঠনিক তৎপরতা নিয়ে বিএনপির মধ্যে উদ্বেগ রয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীরা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছেন দলটির নেতারা। এ পরিস্থিতিতে সন্দেহজনক তৎপরতার তথ্য আইনশৃঙ্খলা বাহিনী ও কেন্দ্রীয় নেতাদের জানাতে স্থানীয় ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশাল জেলা বিএনপির এক নেতা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহায়তা করলেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে-প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা তারা পেয়েছেন। তাই কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের সঙ্গে বিএনপির কারও যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সমন্বয়ের ঘাটতি দূর করা হবে।
