পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের হাতে ৩০ জন অপহৃত
দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : এসপি মাসুদ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মাসুদ আলম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পটিয়ায় ৩০ জন বাগান মালিক ও শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে পাহাড়ে বাগানে যাওয়ার পথে হাইদগাঁও অগ্নিছড়া এলাকা থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করেছে কল্লা কামাল নামের একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ। অপহরণের সময় ওই সন্ত্রাসী গ্রুপের কাছ থেকে পাঁচ থেকে ছয়জন পালিয়ে রক্ষা পেয়েছে। এদের মধ্যে মোহাম্মদ তাজুল (৫০) নামের একজন গুরুতর আহত হয়েছেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, এ বিষয়ে খবর নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, পাহাড়ি সন্ত্রাসীদের বিষয়ে কোনো কথা পুলিশ বা গণমাধ্যমকে জানানো হলে প্রথমে তাদের চিহ্নিত করে হামলা চালানো হয়। সবশেষ মঙ্গলবার সকালে পাহাড়ে বাগানে যাওয়ার পথে কল্লা কামালের নেতৃত্বে ১৪ জন সন্ত্রাসী ভারী আগ্নেয়াস্ত্রের মুখে তাদের জিম্মি করে। সেসময় তাদের সঙ্গে যেতে না চাইলে পিটিয়ে আহত করা হয় তাজুলকে। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। এ সময় তাকে হুমকি দিয়ে বলা হয়, সন্ত্রাসীদের ব্যাপারে কাউকে কিছু জানালে হত্যা করা হবে।
তাজুলের ভাই জেবর মল্লুক জানান, আহতাবস্থায় তার ভাই তাজুল পাহাড় থেকে নেমে আসার পর তাকে সকালে পটিয়া হাসপাতালে নেওয়া হয়। সন্ত্রাসীদের হুমকির কারণে বিষয়টি গোপন রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দা লাভলু জানান, সন্ত্রাসীদের জিম্মি অবস্থা থেকে জসিম, কালু মিয়া, করিম, জকুসহ প্রায় আটজন পালাতে সক্ষম হয়েছে। সন্ত্রাসীদের হাতে এখনো ২০ জনের মতো জিম্মি আছে। তবে তারা এখনো চাঁদা চেয়ে কারও সঙ্গে যোগাযোগ করেনি।
জানা গেছে, হাইদগাঁও শ্রীমাই অগ্নিছাড়া থেকে অপহরণের পর তাদের জিম্মি করে রাঙ্গুনিয়া থানা এলাকায় একটি জঙ্গলে বর্তমানে আটকে রাখা হয়েছে। পটিয়া বোয়ালখালী ও রাঙ্গুনিয়া এলাকায় তিনটি পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী মাদক ব্যবসা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে রাঙ্গুনিয়ার সরফভাটা কল্লা কামাল অন্যতম। এ ব্যাপারে পটিয়া থানার ওসি জিয়াউল হককে কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। পরে ক্ষুদ্রে বার্তা দিয়ে জানতে চাওয়া হলেও তিনি কোনো উত্তর দেননি।
