ধর্ষণের পর হত্যা করে ধানখেতে ৬ বছরের শিশুর লাশ ফেলে রাখে দুলাভাই
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়ার ২ দিন পর ছয় বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণের পর হত্যা করে ধানখেতে ওই শিশুর লাশ ফেলে রাখে দুলাভাই।
দুলাভাইয়ের দেওয়া তথ্যে রোববার (৫ এপ্রিল) বিকালে উপজেলার আলিনগর ইউনিয়নের প্রেমতলী এলাকার একটি ধানখেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নানার বাড়ির এক আত্মীয়ের সঙ্গে মকরমপুরে তাফসির মাহফিলে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। বিষয়টি জানাজানি হলে ওই মাহফিল থেকে শিশুটি নিখোঁজের মাইকিং করা হয়। পর দিন শনিবার এ ঘটনায় তার পরিবার গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
জিডির সূত্র ধরে পুলিশ তদন্তে নেমে সন্দেহভাজন হিসেবে শিশুটির দুলাভাই উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে অন্তরকে (২০) আটক করে। জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ ধানখেতে ফেলে রাখার কথা স্বীকার করে অন্তর। তার দেওয়া তথ্য মোতাবেক পুলিশ ওই ধানখেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
গোমস্তাপুর থানার ওসি নুরে আলম জানান, লাশের ময়নাতদন্ত সোমবার সম্পন্ন হবে। এ ঘটনায় দায়েরকৃত জিডিটি নিয়মিত মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
