Logo
Logo
×

সারাদেশ

গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

Icon

‎চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৪৬ পিএম

গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

‎‎চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই বস্তির মৃত নুর নবীর ছেলে। তিনি গত ৫ বছর যাবত ভোলাহাটের গোহালবাড়ি গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে গোহালবাড়ি গ্রামের বাসিন্দা মো. এমরান হোসেনের (৫৭) গোয়াল ঘরে একদল চোর গরু চুরির চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে চোর সন্দেহে ফিরোজ আলীকে হাতেনাতে আটক করা হয়।

‎চিৎকার শুনে গ্রামের উত্তেজিত স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং ফিরোজ আলীকে গণপিটুনি দিলে গুরুতর আহত হয়। ‎পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা করে।

‎চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, গোহালবাড়ি গ্রামে কয়েকজন গরু চুরি করতে গেলে জনগণের রোষানলে পড়ে গণপিটুনির শিকার হয়ে ফিরোজ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মা মোসাম্মৎ ফেরদৌসী বাদী হয়ে ১৫-১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম