কসবায় সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, গরমে ভোগান্তিতে যাত্রীরা
Advertisement
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম
স্টেশন এলাকায় তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও অন্যান্য যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে শত শত যাত্রীকে তীব্র গরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। ট্রেনটির পরিচালক শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে ও যাত্রী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি। পথে কসবা রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি কসবা স্টেশন এলাকাতেই দাঁড়িয়ে ছিল।
হঠাৎ মাঝপথে ট্রেন থেমে যাওয়ায় বিপাকে পড়েছেন শত শত যাত্রী। স্টেশন এলাকায় তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও অন্যান্য যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
ট্রেনটির পরিচালক শাখাওয়াত হোসেন জানান, বিকল ইঞ্জিন সচল করতে আখাউড়া থেকে একটি মেকানিক দল রওনা দিয়েছে। পাশাপাশি লাকসাম থেকে একটি বিকল্প (রিলিফ) ইঞ্জিন পাঠানো হয়েছে। রিলিফ ইঞ্জিনটি কসবায় পৌঁছালে ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব ট্রেনটি সচল করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
