Logo
Logo
×
   

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার সঙ্গে ওসির বৈঠক, বিএনপির প্রতিবাদ

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:১৮ পিএম

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার সঙ্গে ওসির বৈঠক, বিএনপির প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ওসি নূরে আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার সঙ্গে বৈঠকের অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে এবং অভিযুক্ত ওসিকে প্রত্যাহারসহ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

রোববার বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর বাজারে সদর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ইউনিয়ন বিএনপি। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন ওসি নূরে আলম। বিস্ফোরকসহ সন্ত্রাসী আইনে একাধিক মামলা থাকলেও আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের গ্রেফতারে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। ওসির কারণে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তারা নানারকম কার্যক্রম পরিচালনা করলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয় না। এমনকি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তারা আরও বলেন, সম্প্রতি গোমস্তাপুর উপজেলা নুহু স্ট্যান্ডে একটি মাদকবিরোধী উঠান বৈঠকেও ওসির পাশে বসে থাকতে দেখা যায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ন রেজা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল চেয়ারম্যানের ভাতিজা উপজেলা যুবলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মধুকে; যা অত্যন্ত দুঃখজনক। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ওসিকে প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা।

গোমস্তাপুর থানার ওসি নূরে আলম অভিযোগ অস্বীকার করে বলেন, মাদক ও সন্ত্রাসবিরোধী উঠান বৈঠকে চেয়ার ফাঁকা থাকায় জান্নাতুল ফেরদৌস মধুকে সেখানে বসানো হয়েছিল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বশির, চৌডালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোন্তাজ আলী, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল ইসলাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা, রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল রশিদসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .