Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফ্যামিলি কার্ডের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

ফ্যামিলি কার্ডের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

অভিযুক্ত মোসলেউদ্দিন।

Advertisement

লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি কোনো ঘোষণা বা কার্যক্রম শুরু হওয়ার আগেই ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে অর্ধশতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোসলেউদ্দিন নামে এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে। 

শুধু ফ্যামিলি কার্ডই নয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিশুর জন্মনিবন্ধন এমনকি শিক্ষকতার চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়েও এলাকার সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

অভিযুক্ত মোসলেউদ্দিন উপজেলার চর মার্টিন ইউনিয়নের মুন্সিরহাট এলাকার আবুল বাশারের ছেলে। এলাকায় নিজেকে সাংবাদিক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন সরকারি কর্মকর্তার ‘ঘনিষ্ঠ ব্যক্তি’ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছিলেন বলে জানান ভুক্তভোগীরা।

স্থানীয় মুন্সিরহাট বাজারের প্রবীণ সবজি বিক্রেতা বৃদ্ধ আবু তাহের বলেন, রাস্তাঘাট ও ডোবা থেকে কচুর লতি আর শাক তুলে বাজারে বিক্রি করে ৫-১০ টাকা করে জমানো টাকা মোসলেউদ্দিনের হাতে তুলে দিয়েছিলাম। সে বলেছিল, ফ্যামিলি কার্ড হলে সরকার মাসে মাসে টাকা দেবে, বাকি জীবন আরামে চলবে। কার্ডের জন্য ‘উপজেলার স্যারকে’ দিতে হবে বলে আমার কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা নেয়। পরে বুঝতে পারি, সে আমাকে ধোঁকা দিয়েছে।

একই এলাকার চা দোকানদার আবদুস সহীদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা, কহিনুর বেগমের কাছ থেকে ৩ হাজার টাকা, ফয়জুন্নেছার কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা, নুরনাহারের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা এবং মেথর সেলিমের কাছ থেকেও ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেন মোসলেউদ্দিন।

শারীরিক অসুস্থতায় ভুগতে থাকা ষাটোর্ধ্ব অজুফা খাতুন আক্ষেপ করে বলেন, টাকার অভাবে ওষুধ কিনতে কষ্ট হয়। ফ্যামিলি কার্ড হলে প্রতি মাসে টাকা পাওয়া যাবে বলে মোসলেউদ্দিন আমার কাছ থেকে ৩ হাজার টাকা নিয়েছে। এখন টাকাও নেই, মোসলেউদ্দিনও নেই, কার্ডও নেই।

এ ছাড়া রহিমা আক্তার নামে এক নারীর কাছ থেকে ছেলের জন্মনিবন্ধনের কথা বলে ২ হাজার টাকা এবং জরিনা বেগম নামে অপর এক নারীর কাছ থেকে বয়স্ক ভাতা দেওয়ার নামে ৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

প্রতারণার জাল ছড়িয়েছে চাকরির আশ্বাসেও। স্থানীয় পল্লিচিকিৎসক মো. বশির জানান, এক বছর আগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা নেন মোসলেউদ্দিন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তার মতো আরও অন্তত ২০ জন প্রার্থীর কাছ থেকে একইভাবে টাকা হাতিয়ে নিয়েছেন মোসলেউদ্দিন। এখন পাওনা টাকা ফেরত চাইলে উলটো গালমন্দ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন তিনি।

স্থানীয় তারেক রহমান রকি বলেন, ফ্যামিলি কার্ড ও নানা ভাতার নামে মোসলেউদ্দিনের প্রতারণার বিষয়টি এলাকার সবার জানা। প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ফ্যামিলি কার্ড নিয়ে কেউ প্রতারণা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।

এদিকে প্রতারণার বিষয়টি স্পষ্ট হলে সম্প্রতি স্থানীয় মুন্সিরহাট বাজারে ৩০ থেকে ৩৫ জন ভুক্তভোগী একত্রিত হয়ে মোসলেউদ্দিনকে অবরুদ্ধ করেন। এ সময় তীব্র হট্টগোল সৃষ্টি হলে স্থানীয় সাবেক মেম্বার নুরুল আমিনসহ কয়েকজন এসে পরিস্থিতি শান্ত করেন। পরে ভুক্তভোগীদের সমুদয় টাকা ফেরত দেওয়ার শর্তে মুক্ত হন মোসলেউদ্দিন। এ-সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ যুগান্তরের হাতে এসেছে।

অভিযুক্ত মোসলেউদ্দিন প্রতারণার বিষয়টি অস্বীকার করে বলেন, এলাকার একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব রটাচ্ছে। ফ্যামিলি কার্ডসহ অন্যান্য ভাতার নামে টাকা নেওয়ার অভিযোগে লোকজন আপনাকে অবরুদ্ধ করার একটি ভিডিও রয়েছে—এমন প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

এ ব্যাপারে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান জানান, উক্ত ব্যক্তির বিরুদ্ধে কার্যালয়ে ইতোমধ্যে আবু তাহের ও পারভীন আক্তার নামে দুজন ব্যক্তির দুটি লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি পর্যালোচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

গোপালগঞ্জে বৃদ্ধার জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

গোপালগঞ্জে বৃদ্ধার জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

হাজিরা খাতায় স্বাক্ষর নেই ২৫ দিন, বেসরকারি প্রতিষ্ঠানে চেম্বারের অভিযোগ

হাজিরা খাতায় স্বাক্ষর নেই ২৫ দিন, বেসরকারি প্রতিষ্ঠানে চেম্বারের অভিযোগ

সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

পোনা মাছ অবমুক্তে অনিয়মের অভিযোগ, ‘সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই’

পোনা মাছ অবমুক্তে অনিয়মের অভিযোগ, ‘সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই’

আরও পড়ুন

বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭, পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭, পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম