১৬ লাখ টাকায় কর্মচারী নিয়োগের অভিযোগ, আত্মগোপনে মাদ্রাসা সুপার
Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম
অভিযুক্ত মাদ্রাসা সুপার খালেকুজ্জামান ছিদ্দিকী। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি দাখিল মাদ্রাসায় ১৬ লাখ টাকার বিনিময়ে গোপনে অফিস সহায়ক পদে এক ব্যক্তিকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে সুপারিনটেনডেন্ট ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে।
নিয়োগে জাল স্বাক্ষর ও ভুয়া রেজুলেশন তৈরির অভিযোগও করেছেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও অভিভাবক সদস্যদের একাংশ। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলার নায়কেরহাট দারুস সুন্নাত দ্বিমুখী দাখিল মাদ্রাসায়। অভিযোগের বিষয়ে জানতে সুপারিনটেনডেন্ট খালেকুজ্জামান ছিদ্দিকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে মাদ্রাসার সভাপতি আনোয়ার হোসেনের দাবি, নিয়ম মেনেই নিয়োগ দেওয়া হয়েছে।
মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, সুপারিনটেনডেন্ট খালেকুজ্জামান ছিদ্দিকী ও সভাপতি আনোয়ার হোসেন তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে গোপনে প্রক্রিয়া সম্পন্ন করেন। এ জন্য অফিস সহায়ক পদে নিয়োগ পাওয়া নুরুন্নবীর বাবা আব্দুল জলিলের কাছ থেকে ১৬ লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যরা জানান, গত ৬ অক্টোবর নিয়োগের বিষয়টি জানাজানি হলে মাদ্রাসায় ক্ষোভের সৃষ্টি হয়। ওইদিন সুপারিনটেনডেন্টকে মাদ্রাসার কার্যালয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। পরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি আর মাদ্রাসায় নিয়মিত আসছেন না। তাকে বাড়িতেও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগকারীরা জানিয়েছেন। তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
এ ঘটনায় গত ৮ অক্টোবর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও অভিভাবক সদস্যদের একাংশ।
অভিযোগে বলা হয়, নিয়োগের জন্য তৈরি করা রেজুলেশনে তিনজন শিক্ষক প্রতিনিধি ও তিনজন অভিভাবক সদস্যের স্বাক্ষর জাল করা হয়েছে। এ ছাড়া সুপারিনটেনডেন্ট খালেকুজ্জামান ছিদ্দিকী যোগদানের পর থেকে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে আরও প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।
মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মজিদ বলেন, কোনো নিয়মনীতি না মেনে এবং আমাদের স্বাক্ষর জাল করে এই নিয়োগ দেওয়া হয়েছে। আমরা নিয়োগ বাতিলের পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে জানতে সুপারিনটেনডেন্ট খালেকুজ্জামান ছিদ্দিকীর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে মাদ্রাসার সভাপতি আনোয়ার হোসেন বলেন, ২৬ সেপ্টেম্বর নিয়োগ বোর্ড গঠন করে নিয়ম অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বোর্ডে ডিজির প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামের জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বর্তমানে নিয়োগপ্রক্রিয়া বন্ধ রয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

-6aca530db593a.jpg)