কৃষক দল নেতার মৃত্যুর পর থমথমে ভাঙ্গা
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সহিংসতার ঘটনায় কৃষক দলের এক নেতা নিহত হওয়ার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) বিকাল পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
এদিকে ময়নাতদন্ত ও জানাজা শেষে বুধবার বিকালে নিহত রাজু মোল্লার (৩২) লাশ দাফন করা হয়েছে।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তরা মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে এবং স্থানীয় বিএনপি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। সহিংসতার একপর্যায়ে রাজু মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে কৃষক দল নেতা রাজু মোল্লার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
এছাড়া এ হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিকাল সাড়ে ৪টায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনার পর থেকে ভাঙ্গা উপজেলা সদর ও হামিরদীসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
