নাশকতা প্রতিরোধে এমপি নায়াব ইউসুফের নেতৃত্বে বিক্ষোভ
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম
নাশকতা প্রতিরোধে এমপি নায়াব ইউসুফের নেতৃত্বে বিক্ষোভ
|
ফলো করুন |
|
|---|---|
সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের ময়েজ মঞ্জিল থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়, রাজবাড়ী রাস্তার মোড় ও মুন্সিবাজার হয়ে পুনরায় ময়েজ মঞ্জিলে এসে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিলান, বিএনপি নেতা তানভীর চৌধুরী রুবেল, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ এবং কোতোয়ালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল ইসলাম রঞ্জন প্রমুখ।
এছাড়া জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
মিছিল ও শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে স্লোগান দেন।
পরে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ফরিদপুরের মাটিতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা। এ সময় সারা দেশে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
